[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

পাবনায় জামায়াত নেতাকে কুপিয়ে জখম, পাল্টাপাল্টি কর্মসূচি

প্রকাশঃ
অ+ অ-
আহত জামায়াত নেতা রমজান আলীকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে | ছবি: পদ্মা ট্রিবিউন

পাবনায় রমজান আলী নামের জামায়াতে ইসলামীর এক নেতাকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। সদর উপজেলার হিমাইতপুরের চর শিবরামপুরে এই ঘটনা ঘটে।

জামায়াতের অভিযোগ, বিএনপির কর্মীরা রমজান আলীকে কুপিয়ে জখম করেছেন। এর প্রতিবাদে দলটির নেতা-কর্মীরা দুপুরে জেলা শহর ও জেলা প্রশাসকের কার্যালয় ঘেরাও করে বিক্ষোভ করেছেন। তবে বিএনপি এই অভিযোগ অস্বীকার করে এর প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সংবাদ সম্মেলন করেছে।

আহত রমজান আলী একজন বীর মুক্তিযোদ্ধা। তিনি সদর উপজেলার হিমাইতপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড জামায়াতের সভাপতি এবং চর শিবরামপুর ভোটকেন্দ্রের পরিচালক। শনিবার রাতে তিনি ভোটের প্রচার শেষে মসজিদে নামাজ পড়ে বের হচ্ছিলেন। ওই সময় কয়েকজন দুর্বৃত্ত তাঁকে পিটিয়ে ও কুপিয়ে আহত করে। পরে আশঙ্কাজনক অবস্থায় তাঁকে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।

ওই ঘটনার প্রতিবাদে বেলা ১১টার দিকে জামায়াতের নেতা-কর্মীরা পাবনা শহরের শহীদ চত্বর থেকে বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে অবস্থান নেয়। এ সময় দলটির নেতা-কর্মীরা হামলার জন্য বিএনপিকে দায়ী করেন। কর্মসূচিতে বক্তব্য দেন পাবনা পৌর জামায়াতের আমির আবদুল লতিফ, শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি রেজাউল করিম, শিল্প ও সংস্কৃতি সম্পাদক হাফেজ আবু মুসা এবং সদর উপজেলা জামায়াতের সাধারণ সম্পাদক ইব্রাহিম খলিল আইনুল।

এদিকে জামায়াতের অভিযোগের প্রতিবাদে একই সময়ে শহরে বিক্ষোভ মিছিল করেন বিএনপির নেতা-কর্মীরা। মিছিলটি শহর প্রদক্ষিণ শেষে পাবনা প্রেসক্লাবের সামনে আসে। পরে প্রেসক্লাব মিলনায়তনে সংবাদ সম্মেলন করে অভিযোগের প্রতিবাদ জানান বিএনপির নেতারা।

সংবাদ সম্মেলনে জেলা বিএনপির সদস্যসচিব মাসুদ খন্দকার বলেন, ‘একটি ঘটনাকে কেন্দ্র করে জামায়াত মিথ্যাচার করছে। একজন বীর মুক্তিযোদ্ধাকে কুপিয়ে জখম করা হয়েছে, এতে আমরাও মর্মাহত। তবে ঘটনার সঙ্গে বিএনপির কোনো নেতা-কর্মী জড়িত নন। পারিবারিক ও জমিজমা-সংক্রান্ত বিষয়ে ঘটনাটি ঘটেছে। আমরা এই মিথ্যা অভিযোগের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।’

এ প্রসঙ্গে জানতে চাইলে পাবনা সদর থানার ওসি দুলাল হোসেন বলেন, ‘আমরা বিষয়টি তদন্ত করছি। অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।’

Fetching live reactions...
Was this article helpful?

Comments

Comments

Loading comments…
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন