[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

দাউদকান্দিতে হাঁস চুরির অভিযোগে নির্মাণশ্রমিককে পিটিয়ে হত্যা

প্রকাশঃ
অ+ অ-
পিটিয়ে হত্যা | প্রতীকী ছবি

কুমিল্লার দাউদকান্দি উপজেলায় হাঁস চুরির অভিযোগে এক নির্মাণশ্রমিককে রড ও হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা করা হয়েছে। মঙ্গলবার দিবাগত রাত ১১টার দিকে উপজেলার মালিগাঁও গ্রামে এই ঘটনা ঘটে। নিহত মো. সাইদ (২৩) ওই গ্রামের মো. আলাউদ্দিন ও সামসুন নাহার দম্পতির সন্তান।

খবর পেয়ে দাউদকান্দি মডেল থানার পুলিশ রাতে দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে সাইদের মরদেহ উদ্ধার করে।

নিহত যুবকের বাবা মো. আলাউদ্দিন ও মা সামসুন নাহার জানান, মালিগাঁও গ্রামের অটোরিকশাচালক আবদুর রাজ্জাকের একটি হাঁস সন্ধ্যার পর হারিয়ে যায়। এই ঘটনায় তাঁদের ছেলে সাইদকে সন্দেহ করেন রাজ্জাক। এরপর সাইদকে ঘর থেকে ডেকে নেওয়া হয়। সেখানে আবদুর রাজ্জাক, তাঁর দুই ছেলে মো. রাব্বি ও মো. জাহিদ, মো. শাওন, ওমর সানি ও জসিম উদ্দিনসহ গ্রামের কয়েকজন রড ও হাতুড়ি দিয়ে পিটিয়ে সাইদকে হত্যা করেন। পরে তাঁকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

মালিগাঁও গ্রামের বাসিন্দা মো. জসিম উদ্দিন ভূঁইয়া এবং আনুয়াখোলা গ্রামের আবদুস সোবহান ও আবদুল অদুদ মিয়া বলেন, সামান্য একটি হাঁস হারানোকে কেন্দ্র করে একজনকে এভাবে পিটিয়ে হত্যার ঘটনা মেনে নেওয়া যায় না। তাঁরা এই হত্যাকাণ্ডে জড়িত ব্যক্তিদের বিচারের আওতায় আনার দাবি জানান।

দাউদকান্দি মডেল থানার পরিদর্শক (তদন্ত) মো. সামসুল আলম বলেন, হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সন্দেহে মালিগাঁও গ্রামের দোকানদার ওমর সানি (২৫) ও জসিম উদ্দিনকে (৪৫) আটক করা হয়েছে। এই ঘটনায় একটি হত্যা মামলা হবে। নিহত সাইদের মরদেহ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর প্রক্রিয়া চলছে।

Fetching live reactions...
Was this article helpful?

Comments

Comments

Loading comments…
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন