নেত্রকোনায় আওয়ামী লীগের নেতা-কর্মীদের শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন
![]() |
| কার্যক্রম নিষিদ্ধ নেত্রকোনার পূর্বধলা উপজেলা আওয়ামী লীগ উপজেলা সদরের জগৎমণি সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের শহিদ মিনারে শ্রদ্ধা জানায় | ছবি: পদ্মা ট্রিবিউন |
মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছে নিষিদ্ধ সংগঠন নেত্রকোনার পূর্বধলা উপজেলা আওয়ামী লীগ। গতকাল শুক্রবার রাত ১২টার পর উপজেলা সদরের জগৎমণি সরকারি পাইলট উচ্চবিদ্যালয় শহীদ মিনার, বিশকাকুনি ইউনিয়ন ও নারান্দিয়া ইউনিয়নের তিনটি আলাদা স্থানে শ্রদ্ধা জানানো হয়। এই সংক্রান্ত ভিডিও ইতিমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
পূর্বধলা উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মুনতাসির মাসুদ খান ফাহিম ও আরশাদ শেখ নামের ফেসবুক আইডি থেকে পোস্ট করা ভিডিওতে দেখা যায়, একুশের প্রথম প্রহরে জগৎমণি সরকারি পাইলট উচ্চবিদ্যালয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ ও শ্রদ্ধা নিবেদন করেন দলটির বেশ কিছু নেতা-কর্মী। সেখানে ‘ভয় করি না মরণে’, ‘নেতা মোদের শেখ মুজিব’, ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ ইত্যাদি স্লোগান দিতে দেখা যায়।
এই বিষয়ে জানতে চাইলে পূর্বধলা সরকারি কলেজ ছাত্রলীগের সাবেক আহ্বায়ক ও বর্তমান আওয়ামী লীগ নেতা ফয়জুর রহমান ওরফে ঝন্টু বলেন, উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক ও বর্তমান আওয়ামী লীগ নেতা প্রবাসী আমানুর রশিদ খানের নির্দেশনায় উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের সার্বিক তত্ত্বাবধানে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে সব ভাষা শহীদের প্রতি শ্রদ্ধা জানানো হয়েছে।
এদিকে নারান্দিয়া ইউনিয়ন আওয়ামী লীগ ও বিশকাকুনী ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে আলাদাভাবে স্থানীয় শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হয়েছে বলে জানা গেছে। এই সংক্রান্ত ভিডিও ও ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দিদারুল ইসলাম মুঠোফোনে বলেন, ‘পূর্বধলা উপজেলায় নিষিদ্ধ সংগঠনের কোনো নেতা-কর্মী ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে শহীদ মিনারে ফুল দিয়েছে—এ রকম কোনো তথ্য আমাদের কাছে নেই।’

Comments
Comments