শহীদ মিনারে ফুল দেওয়ার ভিডিও ফেসবুকে, পরদিনই গ্রেপ্তার আওয়ামী লীগ সমর্থক
![]() |
| টাঙ্গাইলের সখীপুর উপজেলা আওয়ামী লীগের নামে গতকাল শহীদ মিনারে ফুল দিতে যান জাহিদ ইকবাল। এরপর আজ তাঁকে গ্রেপ্তার করে পুলিশ | ছবি: ফেসবুক থেকে নেওয়া |
টাঙ্গাইলের সখীপুর উপজেলায় শহীদ মিনারে একা ফুল দেওয়ার একটি ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়ার পর জাহিদ ইকবাল জাহাঙ্গীর (৫০) নামে আওয়ামী লীগের এক সমর্থককে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার সকালে সখীপুর পৌর শহরের উত্তরা মোড় এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার জাহিদ ইকবাল উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান সংসদের আহ্বায়ক। তিনি সখীপুর পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের প্রয়াত বীর মুক্তিযোদ্ধা শ ম আলী আজগরের ছেলে। একসময় তিনি কৃষক শ্রমিক জনতা লীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। কয়েক বছর আগে আওয়ামী লীগে যোগ দিলেও বর্তমানে তাঁর কোনো দলীয় পদ নেই।
পুলিশ সূত্রে জানা গেছে, ২০২৪ সালে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় হামলার একটি মামলায় জাহিদ ইকবাল আসামি ছিলেন। মামলায় কিছুদিন পলাতক থাকার পর তিনি উচ্চ আদালত থেকে জামিন নেন। পরে টাঙ্গাইলের একটি নিম্ন আদালতে হাজির হলে আদালত তাঁর জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠান। ৩৮ দিন কারাভোগের পর তিনি জামিনে মুক্ত হন। এরই মধ্যে গতকাল ২১ ফেব্রুয়ারি ভোরে তিনি একা সখীপুর শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। উপজেলা আওয়ামী লীগ ও মুক্তিযোদ্ধা সন্তান সংসদের ব্যানারে তাঁর এই শ্রদ্ধা নিবেদনের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।
ভিডিওটি ছড়িয়ে পড়ার পরদিন সকালে তাঁর গ্রেপ্তারের ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা ও সমালোচনা শুরু হয়েছে। স্থানীয় পর্যায়েও বিষয়টি নিয়ে কৌতূহল ও বিতর্ক দেখা দিয়েছে।
এ বিষয়ে সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হেলাল উদ্দিন বলেন, ‘পাশের বাসাইল থানার একটি মামলায় সন্দেহভাজন আসামি হিসেবে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি শহীদ মিনারে ফুল দিয়েছেন কি না, সে বিষয়ে আমার জানা নেই।’
অন্যদিকে বাসাইল থানার পরিদর্শক (তদন্ত) আশরাফুল ইসলাম বলেন, গত ১২ নভেম্বর দিবাগত রাত আনুমানিক একটার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের বাসাইল উপজেলার বাঐখোলা এলাকায় চলন্ত একটি যাত্রীবাহী বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটে। এই ঘটনায় ১৩ নভেম্বর গোড়াই হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) ইসমাইল হোসেন বাদী হয়ে অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের আসামি করে বাসাইল থানায় মামলা করেন। ওই মামলায় সন্দেহভাজন আসামি হিসেবে জাহিদ ইকবালকে গ্রেপ্তার করে টাঙ্গাইল আদালতে পাঠানো হয়েছে।
সখীপুর পৌর আওয়ামী লীগের সভাপতি আহাম্মদ আলী বলেন, ‘জাহিদ ইকবাল জাহাঙ্গীর পৌর আওয়ামী লীগের কোনো সদস্য নন। তাঁকে শহীদ মিনারে ফুল দেওয়ার কোনো দায়িত্বও দেওয়া হয়নি। তিনি নিজ উদ্যোগে একা গিয়ে ফুল দিয়েছেন, ভিডিওতে সেটাই দেখেছি। এর বাইরে আমার কিছু জানা নেই।’

Comments
Comments