ঈদের আগেই ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী দেওয়ার সিদ্ধান্ত সরকারের
![]() |
| রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে আজ শনিবার সভা অনুষ্ঠিত হয় | ছবি: পদ্মা ট্রিবিউন |
নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী মসজিদের ইমাম, মুয়াজ্জিন, খতিব এবং বিভিন্ন ধর্মগুরুকে সম্মানী দেবে সরকার। পবিত্র ঈদুল ফিতরের আগেই পর্যায়ক্রমে কিছু কিছু জায়গায় এই সম্মানী দেওয়া শুরু হবে।
শনিবার রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত এক সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। এদিন প্রথমবারের মতো তেজগাঁও কার্যালয়ে অফিস করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তবে প্রধানমন্ত্রী হিসেবে এটি তাঁর তৃতীয় কর্মদিবস। এর আগের দুই দিন তিনি বাংলাদেশ সচিবালয়ে অফিস করেছিলেন।
বৈঠক শেষে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে (ব্রিফিং) এসব তথ্য জানান প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহ্দী আমিন। এ সময় প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবু আবদুল্লাহ এম ছালেহ বক্তব্য দেন। সম্মেলনে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম ও প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন উপস্থিত ছিলেন।
উপদেষ্টা মাহ্দী আমিন বলেন, বৈঠকে বিএনপির নির্বাচনী প্রতিশ্রুতিগুলো নিয়ে আলোচনা হয়েছে। এর মধ্যে একটি প্রতিশ্রুতি ছিল—বিভিন্ন মসজিদের ইমাম, মুয়াজ্জিন, খতিব এবং অন্যান্য ধর্মীয় প্রতিষ্ঠানের ধর্মগুরুদের মাসিক সম্মানী ও উৎসবভাতা দেওয়া হবে। প্রধানমন্ত্রীর নির্দেশনায় সিদ্ধান্ত হয়েছে যে ঈদের আগেই প্রস্তুতি শুরু করে কিছু কিছু এলাকায় এই সম্মানী দেওয়া হবে।
এ ছাড়া সভায় বৈষম্যহীনভাবে কর্মসংস্থান তৈরির বিষয়েও গুরুত্ব দেওয়া হয়। এই লক্ষ্য অর্জনে শিক্ষাব্যবস্থার প্রয়োজনীয় সংস্কারসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে বলে জানান উপদেষ্টা।

Comments
Comments