বেঙ্গল শিল্পালয়ে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ক্রিস্টেনসেন
রাজধানীর ধানমন্ডিতে বেঙ্গল শিল্পালয় পরিদর্শন করেছেন ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন। বুধবার সকালে এই সফরের সময় রাষ্ট্রদূত বেঙ্গল ফাউন্ডেশনের ব্যবস্থাপনা কর্তৃপক্ষের সঙ্গে সাক্ষাৎ করেন এবং সদ্য সমাপ্ত ‘এস এম সুলতান শিল্পকর্ম সংরক্ষণ প্রকল্পের’ একটি সংক্ষিপ্ত বিবরণ গ্রহণ করেন।
বেঙ্গল শিল্পালয়ে রাষ্ট্রদূতকে স্বাগত জানান বেঙ্গল ফাউন্ডেশনের সভাপতি আবুল খায়ের, মহাপরিচালক ও ট্রাস্টি লুভা নাহিদ চৌধুরী এবং পরিচালক আতাউর রহমান।
বেঙ্গল ফাউন্ডেশন ‘এস এম সুলতান শিল্পকর্ম সংরক্ষণ প্রকল্প’ বাস্তবায়ন করেছে। সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণে মার্কিন রাষ্ট্রদূতের তহবিলের (এএফসিপি) সহায়তায় পরিচালিত এই প্রকল্পের মূল লক্ষ্য প্রখ্যাত চিত্রশিল্পী এস এম সুলতানের শিল্পকর্মের গবেষণা ও সংরক্ষণ। এই উদ্যোগ এস এম সুলতানের অনন্য শিল্পদর্শন ও আদর্শের সঙ্গে মিল রেখে দীর্ঘস্থায়ী সংরক্ষণ পদ্ধতি, কৌশল এবং সংস্কারের নমুনা তৈরির লক্ষ্যে শিল্প-ইতিহাসের গভীর গবেষণাকে যুক্ত করেছে। এই প্রকল্পের একটি প্রধান অংশ ছিল বাংলাদেশের প্রতিশ্রুতিশীল শিল্প-সংরক্ষণকারীদের প্রশিক্ষণ দেওয়া, যা স্থানীয়ভাবে শিল্প সংরক্ষণের দক্ষতা এবং দীর্ঘমেয়াদি সুরক্ষার সক্ষমতা বৃদ্ধিতে বিশেষ অবদান রেখেছে।
সুলতান শিল্পকর্ম সংরক্ষণ কেন্দ্রে (স্টুডিও) উপস্থাপনার পর মার্কিন রাষ্ট্রদূত ফাউন্ডেশন প্রতিনিধিদের সঙ্গে মধ্যাহ্নভোজে অংশ নেন। পরে রাষ্ট্রদূত বেঙ্গল শিল্পালয়ের কামরুল হাসান প্রদর্শনী কেন্দ্র (হল) পরিদর্শন করেন, যেখানে বেঙ্গল ফাউন্ডেশনের সংগ্রহে থাকা কিছু নির্বাচিত শিল্পকর্ম প্রদর্শিত হয়। তিনি বেঙ্গল বই প্রাঙ্গণও ঘুরে দেখেন এবং ফাউন্ডেশনের প্রকাশনা, সংগীত ও কারুশিল্পসংক্রান্ত বিভিন্ন উদ্যোগ সম্পর্কে খোঁজখবর নেন।
মার্কিন রাষ্ট্রদূতের সঙ্গে ছিলেন তাঁর স্ত্রী ডিয়ান ডাও, উপ-ব্যবস্থাপনা কর্মকর্তা জেনিফার জনসন, জনসংযোগ পরামর্শদাতা (পাবলিক অ্যাফেয়ার্স কাউন্সেলর) মনিকা শাই, জনসংযোগ বিশেষজ্ঞ (পাবলিক এনগেজমেন্ট স্পেশালিস্ট) রাইহানা সুলতানা এবং ঢাকায় যুক্তরাষ্ট্র দূতাবাসের জনসংযোগ সমন্বয়কারী (পাবলিক এনগেজমেন্ট কো-অর্ডিনেটর) ফারোহা সোহরাওয়ার্দী।

Comments
Comments