[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

অন্তর্বর্তী সরকারের দম ফুরিয়ে গেছে: দেবপ্রিয় ভট্টাচার্য

প্রকাশঃ
অ+ অ-
‘অঙ্গীকার থেকে বাস্তবায়ন: রাজনৈতিক অন্তর্ভুক্তি ও গণতান্ত্রিক জবাবদিহিতা’ শীর্ষক প্রতিবেদন প্রকাশ অনুষ্ঠানে। আজ রোববার সকালে রাজধানীর একটি হোটেলে | ছবি: পদ্মা ট্রিবিউন

অন্তর্বর্তী সরকারের যাওয়ার সময় হয়েছে বলে মন্তব্য করেছেন সিপিডির সম্মাননীয় ফেলো দেবপ্রিয় ভট্টাচার্য। তিনি বলেছেন, ‘তাদের যতটুকু সংস্কার করার সুযোগ ছিল, যেটুকু সংস্কার করার জায়গা ছিল, যেটুকু বিচার করার জায়গা ছিল—তাদের দম ফুরিয়ে গেছে।’

সকালে রাজধানীর একটি হোটেলে ‘অঙ্গীকার থেকে বাস্তবায়ন: রাজনৈতিক অন্তর্ভুক্তি ও গণতান্ত্রিক জবাবদিহিতা’ শীর্ষক প্রতিবেদন প্রকাশ অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে দেবপ্রিয় ভট্টাচার্য এসব কথা বলেন। অনুষ্ঠানের আয়োজন করে সেন্টার ফর গভর্ন্যান্স স্টাডিজ (সিজিএস)।

দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, অন্তর্বর্তী সরকারের যেটুকু সক্ষমতা ও সম্ভাবনা ছিল, তা শেষ সীমায় চলে গেছে। এখন তারা যা করতে পারেন, তা হলো একটি ভালো নির্বাচন।

সংখ্যালঘু সম্প্রদায়ের নির্বাচনে অংশগ্রহণের ক্ষেত্রে বাধাগুলো চিহ্নিত করতে একটি জরিপ চালায় সিজিএস। অনুষ্ঠানে সেই জরিপের ফলাফল তুলে ধরা হয়। দেশের ৫০৫ জন সংখ্যালঘু মানুষের ওপর চালানো এই জরিপে দেখা গেছে, ৫০ শতাংশের বেশি মানুষ ভোট দেওয়ার সময় উদ্বিগ্ন থাকেন এবং ২৫ শতাংশের বেশি উত্তরদাতা নিজেদের অনিরাপদ বা চরম অনিরাপদ মনে করেন।

জরিপের ফলাফল প্রকাশের পর আলোচনায় দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, প্রধান উপদেষ্টার কথার সঙ্গে কাজের মিল নেই। তিনি বলেছিলেন, ধর্মবর্ণ-নির্বিশেষে সবাই এক ছাতার নিচে থাকবে। কিন্তু ছাতা তো খুললই না, উল্টো বৃষ্টি পড়ছে।

দেবপ্রিয় ভট্টাচার্য মনে করেন, আসন্ন নির্বাচন যথেষ্ট অন্তর্ভুক্তিমূলক নয়। তবে এখনো তা অংশগ্রহণমূলক করার সুযোগ আছে। তিনি বলেন, নারী হোক, অন্যান্য জনগোষ্ঠী হোক বা ভিন্নমতের রাজনীতির মানুষ—নির্বাচনে সবার অংশগ্রহণের সুযোগ নিশ্চিত করতে হবে।

দেবপ্রিয় ভট্টাচার্য আরও বলেন, পিছিয়ে পড়া মানুষদের ভোটে আনা এবং ভোটের আগে-পরে তাদের নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্ব অন্তর্বর্তী সরকারকেই নিতে হবে। তিনি মনে করেন, সরকারের সামনে ভালো কাজ করার শেষ সুযোগ এটি। এই সরকার যদি শেষ ভালো কাজটি করে যেতে পারে, তবে ইতিহাসের পাতায় তাদের কিছুটা জায়গা পাওয়ার সুযোগ হতে পারে।

অনুষ্ঠানে অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন সুজন সম্পাদক বদিউল আলম মজুমদার ও অর্থনীতিবিদ সেলিম জাহান। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সিজিএসের সভাপতি জিল্লুর রহমান।

Fetching live reactions...
Was this article helpful?

Comments

Comments

Loading comments…
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন