[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

পৃথিবীতে একটামাত্র মুনাফেকের দল ইসলামের নাম বলে: ফজলুর রহমান

প্রকাশঃ
অ+ অ-
নির্বাচনী পথসভায় বক্তব্য দিচ্ছেন কিশোরগঞ্জ–৪ আসনে বিএনপি প্রার্থী ফজলুর রহমান। শনিবার সন্ধ্যায় মিঠামইন উপজেলার ঘাগড়া ইউনিয়নে | ছবি: পদ্মা ট্রিবিউন

জামায়াতের সমালোচনা করে কিশোরগঞ্জ-৪ (ইটনা-মিঠামইন-অষ্টগ্রাম) আসনের বিএনপি প্রার্থী ও দলের চেয়ারম্যানের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান বলেছেন, ‘জামায়াত কিন্তু দুই নাম্বার দল। এই পৃথিবীতে একটামাত্র মুনাফেকের দল ইসলামের নাম ব্যবহার করে, তার নাম জামায়াত। হেফাজতে ইসলামের আমির বলেছেন, 'কাফের যদি ক্ষমতায় আসে, ইসলাম ফেরত আসতে পারে; কিন্তু জামায়াত ক্ষমতায় এলে বাংলাদেশে আর ইসলাম ফিরে আসবে না।' 

মিঠামইনের এক নির্বাচনী পথসভায় তিনি এ কথা বলেন। মিঠামইন উপজেলার ঘাগড়া ইউনিয়ন বিএনপির উদ্যোগে আয়োজিত সভায় ফজলুর রহমান জানান, প্রতীক বরাদ্দের পর এটি তাঁর নির্বাচনী মাঠে প্রথম আনুষ্ঠানিক প্রচার। এর আগে প্রচারের প্রথম দিন ২২ জানুয়ারি ভৈরবে তারেক রহমানের জনসভায় যাওয়ার পথে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তিনি। ওই দিন বিকেলে তাঁকে বাজিতপুরের জহুরুল ইসলাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য ২৪ জানুয়ারি বিকেলে তাঁকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। ফলে নির্বাচনী প্রচারণার মাঠে অংশ নিতে পারেননি তিনি। সুস্থ হয়ে পর তিনি সরাসরি ঢাকা থেকে এসে সভায় যোগ দেন।

সবার কাছে ধানের শীষ প্রতীকে ভোট চাইতে চাইলে ফজলুর রহমান বলেন, ‘যে কথা বাংলাদেশে সাহস করে কেউ বলে না, সেই কথাটি আমি সংসদে বলব। সংসদে যাওয়ার অর্থ হলো, একটা বাতি সব সময় জ্বলে থাকবে। এই বাতি হলো সত্য কথা বলার বাতি। যে কথা বাংলাদেশে কেউ সাহস করে বলে না, আমি সেটি বলব। তাই ইটনা, মিঠামইন ও অষ্টগ্রামের মানুষ আমাকে ভোট দিলে আপনারা গৌরবান্বিত হবেন। আমি আপনাদের কাছে ভোট চাই, কারণ হাওরাঞ্চলকে আমি সোনার সংসার করতে চাই।’

নিজের বয়সের সীমাবদ্ধতা তুলে ধরে তিনি আরও বলেন, ‘আমার বয়স ৭৮ বছর, এটি আমার বয়সের শেষ সীমা। আমি একজন মুক্তিযোদ্ধা। আগামী পাঁচ বছর পর মুক্তিযোদ্ধাদের বয়স ৮০ বা ৮২ বা ৮৫ হবে। আপনারা চাইলে আমার শেষ জীবনে একজন মুক্তিযোদ্ধাকে ভোট দিয়ে গৌরবান্বিত হতে পারেন। আর পরে এমন সুযোগ পাবেন না।’

ঘাগড়া ইউনিয়ন বিএনপির সভাপতিত্বে সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন ফজলুর রহমানের স্ত্রী জেলা বিএনপির সাবেক সহসভাপতি উম্মে কুলসুম, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক মো. ইব্রাহিম, উপজেলা বিএনপির সহসভাপতি আফতাব উদ্দিন ভূঞা, সাধারণ সম্পাদক মো. আবদুল্লাহ মিয়া, সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দিন রুবেল, উপজেলা ওলামা দলের সভাপতি সাইফুল ইসলাম মোল্লা ও ঘাগড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আইয়ুব মিয়া প্রমুখ।

Fetching live reactions...
Was this article helpful?

Comments

Comments

Loading comments…
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন