[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

রঙিন ফুলকপির চাষে কৃষকের ঝোঁক, বিক্রিতে দ্বিগুণ দাম

প্রকাশঃ
অ+ অ-
খেত থেকে রঙিন ফুলকপি সংগ্রহ করছেন এক চাষি। সম্প্রতি উপজেলার মুরাদপুর ইউনিয়নের দক্ষিণ রহমতনগর গ্রামে | ছবি: পদ্মা ট্রিবিউন

চট্টগ্রামের সীতাকুণ্ডের ভাটিয়ারী বাজারে মঙ্গলবার সন্ধ্যায় গিয়ে দেখা যায়, সাদা ফুলকপি বিক্রি হচ্ছে প্রতি কেজি ৪০ টাকায়। আর রঙিন ফুলকপির দাম প্রতি কেজি ৮০ টাকা। শুধু এই বাজার নয়, সীতাকুণ্ডের প্রায় সব বাজারেই চিত্র একই। চাষাবাদের পদ্ধতি ও খরচ প্রায় এক হলেও বাজারে রঙিন ফুলকপি বিক্রি হচ্ছে দ্বিগুণ দামে।

উপজেলা কৃষি বিভাগ জানায়, সীতাকুণ্ডে রঙিন ফুলকপির চাষ শুরু হয় ২০২৩ সালে। সে বছর পরীক্ষামূলকভাবে ১৩ শতক জমিতে এক হাজার ২০০টি চারা রোপণ করা হয়। রঙের ভিন্নতার কারণে অল্প সময়েই এটি স্থানীয় বাজারে জনপ্রিয় হয়ে ওঠে। এর ফলে পরের বছর থেকেই চাষের পরিমাণ বাড়তে থাকে। ২০২৪ সালে রঙিন ফুলকপির চাষ হয় ৩ হেক্টর জমিতে। চলতি মৌসুমে সীতাকুণ্ডে ৪ হেক্টর জমিতে রঙিন ফুলকপির চাষ হয়েছে।

গত সোমবার সকালে উপজেলার মুরাদপুর ইউনিয়নের দক্ষিণ রহমতনগর গ্রামের মডেল কৃষক মো. ইমতিয়াজ হোসাইন নিজের খেত থেকে রঙিন ফুলকপি তুলছিলেন। তিনি বলেন, এ বছর ৫০ শতক জমিতে তিনি পাঁচ হাজার রঙিন ফুলকপির চারা লাগিয়েছেন। সব চারা একসঙ্গে লাগানো হয়নি। কিছু জমিতে নভেম্বরে, কিছুতে ডিসেম্বরে এবং কিছু জমিতে জানুয়ারিতে চারা রোপণ করা হয়। পরিপক্ব হওয়ার পর তিনি ফুলকপি প্রতি কেজি ১০০ থেকে ১২০ টাকা দরে বিক্রি করেছেন। বর্তমানে পাইকারেরা প্রতি কেজি ৫০ থেকে ৬০ টাকা দরে ফুলকপি কিনে নিচ্ছেন।

ইমতিয়াজ হোসাইন আরও জানান, জানুয়ারিতে লাগানো ফুলকপি আরও প্রায় দুই মাস পর বাজারে আসবে। তখন আবার প্রতি কেজি ১০০ থেকে ১২০ টাকা দরে বিক্রি করা যাবে। এখন পর্যন্ত তিনি রঙিন ফুলকপি বিক্রি করে প্রায় দুই লাখ টাকা পেয়েছেন।

রঙিন ফুলকপি। চট্টগ্রামের সীতাকুণ্ড থেকে তোলা | ছবি: পদ্মা ট্রিবিউন

সীতাকুণ্ডে প্রথম রঙিন ফুলকপির চাষ শুরু করেন সলিমপুর ইউনিয়নের ফৌজদারহাট সাঙ্গু গ্যাসফিল্ড সড়ক এলাকার কৃষক মো. জাহাঙ্গীর আলম। কৃষি বিভাগের সহায়তায় ২০২৩ সালে তিনি রঙিন ফুলকপি চাষে নামেন। জাহাঙ্গীর আলম বলেন, রঙিন ফুলকপি চাষের পাশাপাশি তিনি এর চারা বিক্রি করেও আয় করছেন। সাদা ফুলকপির তুলনায় দাম বেশি পাওয়ায় রঙিন ফুলকপির চাষ সীতাকুণ্ড এলাকার কৃষকদের মধ্যে ধীরে ধীরে জনপ্রিয় হয়ে উঠছে।

ভাটিয়ারী বাজারের সবজি ব্যবসায়ী রবিউল হোসেন বলেন, দাম তুলনামূলক বেশি হওয়ায় সবাই রঙিন ফুলকপি কেনেন না। তবে অনেক ক্রেতাই রঙিন ফুলকপি কিনতে আগ্রহ দেখান। বর্তমানে খুচরা বাজারে প্রতি কেজি রঙিন ফুলকপি ৮০ টাকায় বিক্রি হচ্ছে।

সীতাকুণ্ডের উপসহকারী কৃষি কর্মকর্তা মো. শাহ আলম বলেন, রঙিন ফুলকপি চাষে খরচ সাদা ফুলকপির মতোই, কিন্তু বিক্রি হচ্ছে প্রায় দ্বিগুণ দামে। লাভ বেশি হওয়ায় প্রতি বছর নতুন নতুন কৃষক রঙিন ফুলকপি চাষে যুক্ত হচ্ছেন। সীতাকুণ্ডে এই ফসলের চাষ ১৩ শতক জমি থেকে বেড়ে এখন ৪ হেক্টরে দাঁড়িয়েছে। তবে চাহিদার তুলনায় কৃষকদের উৎপাদন এখনো কম।

Fetching live reactions...
Was this article helpful?

Comments

Comments

Loading comments…
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন