[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

নির্বাচনী দায়িত্বে পুলিশকে নিরপেক্ষ থাকার নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার

প্রকাশঃ
অ+ অ-
আসন্ন জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে রাজধানীর রাজারবাগে ডিএমপি ট্রেনিং একাডেমিতে আয়োজিত এক প্রশিক্ষণ কর্মশালায় বক্তব্য দেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। রোববার, ৪ জানুয়ারি | ছবি: ডিএমপির সৌজন্যে

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, শান্তিপূর্ণ ও সুষ্ঠুভাবে সম্পন্ন করতে মাঠপর্যায়ের পুলিশ সদস্যদের নিরপেক্ষ ও পেশাদারভাবে দায়িত্ব পালনের নির্দেশ দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, জাতীয় নির্বাচন একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় দায়িত্ব, যেখানে পুলিশের ভূমিকা বিশেষভাবে গুরুত্বপূর্ণ। তিনি বলেন, নির্বাচনের সময় মাঠে দায়িত্বে থাকা প্রতিটি পুলিশ সদস্যই হবেন জনগণের আস্থার প্রতীক।

আজ রোববার রাজধানীর রাজারবাগে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) ট্রেনিং একাডেমিতে আয়োজিত ‘নির্বাচনী দায়িত্বে পুলিশের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধি’ শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন।

পরিদর্শনের সময় স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, প্রত্যেক পুলিশ সদস্যকে দায়িত্বশীলতা, সততা ও পেশাদারত্বের সর্বোচ্চ মান বজায় রেখে নির্বাচনী দায়িত্ব পালন করতে হবে। এ সময় তিনি নির্বাচন-পূর্ব, নির্বাচনকালীন এবং নির্বাচন-পরবর্তী সময়ে পুলিশের করণীয় বিষয়ে বিস্তারিত দিকনির্দেশনা দেন।

স্বরাষ্ট্র উপদেষ্টা আরও জানান, আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সরকারের পক্ষ থেকে সার্বিক প্রস্তুতি নেওয়া হচ্ছে।

এ সময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি) বাহারুল আলম, ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী, পুলিশ হেডকোয়ার্টার্সের অতিরিক্ত আইজিপি (ডেভেলপমেন্ট) সরদার নুরুল আমিন, ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (অ্যাডমিন) মো. সরওয়ার, বিপিএম (সেবা), এবং ডিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তারা।

ডিএমপি সূত্রে জানা গেছে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে পুলিশের দক্ষতা ও সক্ষমতা বাড়ানোর লক্ষ্যে রাজারবাগ ডিএমপি ট্রেনিং একাডেমিতে তিন দিনব্যাপী এই প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়েছে। গত ৫ অক্টোবর ২০২৫ থেকে শুরু হওয়া এই কোর্সের ২৩তম ব্যাচের প্রশিক্ষণ কার্যক্রম বর্তমানে চলছে। এর আগে ২২টি ব্যাচে মোট ১৮ হাজার ১৫০ জন পুলিশ সদস্য সফলভাবে প্রশিক্ষণ সম্পন্ন করেছেন। ডিএমপির ১৯টি স্থানে মোট ২৮টি ব্যাচে ২৪ হাজার ৩৪২ জন পুলিশ সদস্যকে এই প্রশিক্ষণ দেওয়ার পরিকল্পনা রয়েছে।

Fetching live reactions...
Was this article helpful?

Comments

Comments

Loading comments…
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন