পটুয়াখালীতে আওয়ামী লীগের দোসর আখ্যা দিয়ে ব্যবসায়ীর দোকানে তালা
![]() |
| তৌহিদুল ইসলামের নির্মিত দোকানে ঝুলছে তালা। আজ সকালে পটুয়াখালী শহরের কলাতলা হাউজিং স্টেট এলাকায় | ছবি: পদ্মা ট্রিবিউন |
পটুয়াখালীতে আওয়ামী লীগের দোসর আখ্যা দিয়ে এক ব্যবসায়ীর দোকানে তালা দেওয়ার অভিযোগ উঠেছে পৌর বিএনপির উপদেষ্টা কমিটির নেতা শাহিন গাজী ও তাঁর সহযোগীদের বিরুদ্ধে। অভিযোগটি স্থানীয় বিএনপির কয়েকজন নেতার কাছে মৌখিকভাবে জানিয়েছেন ব্যবসায়ী তৌহিদুল ইসলাম।
তৌহিদুল ইসলাম (৫৮) পটুয়াখালী শহরের কলাতলা হাউজিং স্টেট এলাকার বাসিন্দা। তাঁর বাসার পাশে সম্প্রতি তিনি একটি দোকান তৈরি করেছেন।
তৌহিদুল ইসলামের কথায়, দীর্ঘদিন ধরে হেপাটাইটিস-বি রোগে ভুগছেন, তাই ২০ ডিসেম্বর থেকে ঢাকায় চিকিৎসার জন্য ছিলেন। এ সময় গত বুধবার বেলা ১১টা থেকে ১২টার মধ্যে শাহিন গাজী তাঁর মুঠোফোনে কল করেন। ফোনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন ও ঢাকায় আয়োজিত গণসংবর্ধনায় অংশ নিতে যাতায়াত ব্যয় বাবদ ৫০ হাজার টাকা দাবি করা হয়। অসুস্থতার কথা বলে টাকা দিতে অস্বীকৃতি জানালে শাহিন গাজী অকথ্য ভাষায় গালিগালাজ করে কল কেটে দেন। এরপর বৃহস্পতিবার তাঁর দোকানে তালা দেওয়ার ঘটনা ঘটে।
তৌহিদুল ইসলামের দাবি, আওয়ামী লীগ বা অন্য কোনো রাজনৈতিক দলের সঙ্গে তাঁর কোনও সম্পর্ক নেই। তবে এর আগেও তাঁকে একই ব্যক্তিরা আওয়ামী লীগের দোসর হিসেবে হুমকি দিয়েছেন।
অভিযোগ স্বীকার করে শাহিন গাজী বলেন, দীর্ঘদিন ধরে তৌহিদুল ইসলামের বাসায় আওয়ামী লীগপন্থীদের জন্য আশ্রয়, বৈঠক ও আর্থিক সহায়তা দেওয়া হয়। এ কারণেই তাঁর দোকানে তালা দেওয়া হয়েছে। বিষয়টি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকেও জানানো হয়েছে।
পটুয়াখালী সদর থানার ওসি মো. মনিরুজ্জামান বলেন, ‘আমি সদ্য এখানে যোগদান করেছি, অনেকের সঙ্গে পরিচয় নেই। অন্যায়ভাবে কারও দোকানে তালা দেওয়া আইনসম্মত নয়। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।’
জেলা বিএনপির সাধারণ সম্পাদক মজিবুর রহমান বলেন, তারেক রহমানের নাম ব্যবহার করে কেউ অন্যায় করলে ছাড় দেওয়া হবে না। উপযুক্ত তথ্য-প্রমাণ থাকলে অভিযুক্তদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।

Comments
Comments