[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

খুলনায় অস্ত্র তৈরির 'গোপন কারখানা', আটক ৪

প্রকাশঃ
অ+ অ-
অবৈধ অস্ত্র তৈরির একটি কারখানার সন্ধান পেয়েছে গোয়েন্দা পুলিশ। শনিবার সন্ধ্যায় খুলনা শহরের জোড়াগেট সংলগ্ন এলাকায় | ছবি: পদ্মা ট্রিবিউন

খুলনা নগরের জোড়াগেট এলাকায় অভিযান চালিয়ে অবৈধ অস্ত্র তৈরির একটি কারখানার সন্ধান পাওয়ার দাবি করেছে পুলিশ। এ সময় চারজনকে আটক করা হয়েছে। শনিবার সন্ধ্যায় খুলনা মহানগর পুলিশের (কেএমপি) গোয়েন্দা শাখা (ডিবি) এই অভিযান চালায়।

পুলিশ জানায়, অভিযানে অস্ত্র তৈরির ছাঁচ, সিসা, ট্রিগার, ট্রিগার গার্ডসহ প্রায় ৩০–৩৫টি অস্ত্র তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।

আটক ব্যক্তিরা হলেন নজরুল ইসলাম, শহিদুল, পিকলু ও আকবর আলী। তাঁদের মধ্যে নজরুল ‘দোহা আয়রন ফাউন্ডার’ নামের একটি কারখানার মালিক। বাকি তিনজন অস্ত্র তৈরির কারিগর বলে জানিয়েছে পুলিশ।

কেএমপির উপপুলিশ কমিশনার (দক্ষিণ) মোহাম্মদ তাজুল ইসলাম বলেন, ডিবির কাছে তথ্য ছিল যে জোড়াগেট এলাকায় অবৈধভাবে অস্ত্র তৈরির একটি কারখানা রয়েছে। সেই তথ্যের ভিত্তিতেই অভিযান চালানো হয়। অভিযানে যেসব যন্ত্রাংশ উদ্ধার করা হয়েছে, সেগুলো জোড়া লাগালে প্রায় ৩০টির মতো অস্ত্র তৈরি করা সম্ভব। এর মধ্যে ওয়ান শুটার গান ও পিস্তলের যন্ত্রাংশ রয়েছে।

তিনি আরও বলেন, এসব যন্ত্রাংশের ফিনিশিংয়ের জন্য আলাদা একটি সেক্টর ছিল। সেখানে কাজ শেষ করে পূর্ণাঙ্গ ওয়ান শুটার গান ও পিস্তল তৈরি করা হতো।

নির্বাচনকে সামনে রেখে এসব অস্ত্র তৈরি করা হচ্ছিল কি না—এ প্রশ্নে তিনি বলেন, এ বিষয়ে নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না। তবে এসব অস্ত্র সন্ত্রাসীদের কাছে যাওয়ার তথ্য ছিল। সাধারণত জলদস্যু ও সন্ত্রাসীরা এ ধরনের অস্ত্র ব্যবহার করে। ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত এখনো শেষ হয়নি। পুরো নেটওয়ার্ক সম্পর্কে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত বিস্তারিত বলা সম্ভব নয়।

তিনি জানান, আটক চারজনের মধ্যে তিনজন কারিগর, যাঁরা অস্ত্র তৈরিতে দক্ষ। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

Fetching live reactions...
Was this article helpful?

Comments

Comments

Loading comments…
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন