গভীর রাতে বাড়িতে পুলিশ দেখেই দৌড়, পরদিন বিলে মিলল লাশ
![]() |
| নিহত সাইফুল ইসলাম | ছবি: সংগৃহীত |
মামলার আসামি হওয়ায় সাইফুল ইসলামকে (৪০) গ্রেপ্তার করতে পুলিশ তাঁর বাড়িতে গেলে তিনি দৌড়ে পালিয়ে যান। পুলিশ তাঁকে না পেয়ে ফিরে গেলে, পরিবারের লোকজন খুঁজতে গিয়ে দেখেন বাড়ির পাশে একটি বিলে তাঁর লাশ পড়ে আছে।
গতকাল সোমবার দিবাগত রাত একটার দিকে কক্সবাজারের চকরিয়া উপজেলার কাকারা ইউনিয়নের দরগা রাস্তার মাথা এলাকায় এই ঘটনা ঘটে। নিহতের স্বজনদের দাবি, পুলিশের চোখ ফাঁকি দিয়ে পালানোর সময় প্রতিপক্ষের লোকজন সাইফুলের পথ আটকে মারধর ও শ্বাসরোধ করে হত্যা করেছেন।
সাইফুল ইসলাম দরগা রাস্তার মাথা এলাকার মৃত নুরুল ইসলামের ছেলে। তাঁর পরিবারের সঙ্গে কথা বলে জানা গেছে, দুই প্রতিবেশীর জমি নিয়ে বিরোধের ঘটনায় সাইফুলকে জড়ানো হয়েছিল। গত শনিবার দুপুরে তাঁর দুই প্রতিবেশী নুরুল ইসলাম ও ফরিদুল আলমের মধ্যে এই জমি নিয়ে মারামারি হয়। বিরোধপূর্ণ জমিটি ছিল সাইফুলের বাড়ির পাশে। এই মারামারির ঘটনায় নুরুল ইসলামের স্ত্রী জেসমিন আক্তার মামলা করেন। মামলায় সাইফুল ইসলামকেও আসামি করা হয়। ওই মামলার সূত্র ধরে মঙ্গলবার রাতে পুলিশ আসামি গ্রেপ্তার করতে গেলে সাইফুল দৌড়ে পালানোর চেষ্টা করেন। পরে তাঁর লাশ পাওয়া যায়।
জানতে চাইলে নিহত সাইফুল ইসলামের স্ত্রী রিনা আকতার (৩২) বলেন, পুলিশ থেকে বাঁচতে তাঁর স্বামী দৌড় দিয়েছিলেন। পুলিশ চলে যাওয়ার পরও তিনি ঘরে না ফিরলে, তারা খুঁজতে গিয়ে বিলে তাঁর লাশ পান। এই হত্যার সঙ্গে নুরুল ইসলামের লোকজন জড়িত বলে দাবি করেন তিনি।
অভিযুক্ত নুরুল ইসলামের বক্তব্য জানতে তাঁর মুঠোফোনে যোগাযোগ করেও তাকে পাওয়া যায়নি। পরে বাড়িতে গিয়েও তাঁকে ও তাঁর স্ত্রীকে পাওয়া যায়নি।
চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মনির হোসেন বলেন, ‘সাইফুল একটি মামলার এজাহারভুক্ত আসামি। রাত সাড়ে ১২টার দিকে তাঁকে ঘরে না পেয়ে পুলিশ ফিরে আসে। পরে খবর পেয়ে তাঁর লাশ উদ্ধার করেছি। সুরতহাল প্রতিবেদন তৈরি করেছি। সেখানে দৃশ্যমান কোনো জখমের চিহ্ন নেই। ময়নাতদন্ত প্রতিবেদনে মৃত্যুর কারণ উদ্ঘাটিত হবে বলে আশা করছি।’

Comments
Comments