ফরহাদ, মহিউদ্দীনের পর ডাকসু নেত্রী সেই তন্বীর বিয়ে
![]() |
| সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট দিয়েছেন সানজিদা আহমেদ তন্বী |
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাধারণ সম্পাদক (জিএস) এসএম ফরহাদ ও সহ-সাধারণ (এজিএস) সম্পাদক মহিউদ্দীন খানের পর এবার গবেষণা ও প্রকাশনা বিষয়ক সম্পাদক সানজিদা আহমেদ তন্বী বিয়ের বন্ধনে আবদ্ধ হয়েছেন। তাঁর স্বামীর নাম জিহাদ আবদুল্লাহ। তিনি পেশায় সাংবাদিক।
বৃহস্পতিবার রাতে নিজের ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে বিয়ের খবরটি জানান সানজিদা আহমেদ তন্বী।
ফেসবুক পোস্টে তিনি লেখেন, ‘কিছু সম্পর্ক খুব সহজেই তৈরি হয়। এমন মনে হয়, এগুলো যেন আগে থেকেই ঠিক করা ছিল। ঠিক কোন মুহূর্তে আমি তোমার প্রেমে পড়েছিলাম, তা মনে নেই। তবে কোন মুহূর্তে আমি বুঝেছিলাম, তুমিই আমার কাঙ্ক্ষিত মানুষ, সেটি স্পষ্ট মনে আছে। সেই যে ‘উড়তে পারিন্দে’… মনে পড়ে?’
পোস্টে আরও লেখেন, ‘সময় গড়ানোর সঙ্গে সঙ্গে তুমি তোমার ভালোবাসা সবচেয়ে নিখাদভাবে প্রমাণ করেছ। আজ হৃদয়ের গভীর থেকে আমি জানি, পরিস্থিতি যেমনই হোক না কেন, তুমি পাশে থাকবেই। আমি যখন ভয় পাব, যখন সবকিছু ভুল পথে যাবে কিংবা পৃথিবীটা খুব ভারী মনে হবে—আমি জানি, তুমি মাত্র একটি ফোনের দূরত্বে আছ। এই অনুভূতি কতটা স্বস্তির, আমি একা নই—এই বিশ্বাস কতটা শক্তির, তা পুরোপুরি ভাষায় প্রকাশ করা আমার পক্ষে সম্ভব নয়।’
তিনি আরও লেখেন, ‘আজ আমরা আমাদের জীবনের সবচেয়ে বড় সিদ্ধান্তটি নিয়েছি। আমি তোমাকে একটি কথা দিতে চাই—খুব সাধারণ, কিন্তু আমার জীবনের সবচেয়ে গভীর অঙ্গীকার। আমার জীবনের বাকি সময়ের প্রতিটি দিন আমি শুধু তোমাকেই বেছে নেব। বারবার, হাজারবার।’
![]() |
| ১৫ জুলাই ২০২৪ হামলায় আহত সানজিদা আহমেদ তন্বী | ফাইল ছবি |
জুলাই গণ-অভ্যুত্থানকালে গত বছরের ১৫ জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে হামলায় আহত হন সানজিদা আহমেদ তন্বী। রক্তাক্ত ও আতঙ্কিত মুখের সেই ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এরপর ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনে গবেষণা ও প্রকাশনা সম্পাদক পদে বিজয়ী হন তিনি। স্বতন্ত্র প্রার্থী হিসেবে ১১ হাজার ৭৭৭ ভোট পেয়ে জয় পান সানজিদা আহমেদ তন্বী।


Comments
Comments