তারেক রহমানের সংবর্ধনায় যাওয়ার পথে কুমিল্লায় দুর্ঘটনা, ১০ বিএনপি নেতা-কর্মী আহত
![]() |
| নোয়াখালীর মাইজদী থেকে ঢাকাগামী বাস বাগমারা বাজার এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের বিভাজকের ওপর উঠে যায় | ছবি: পদ্মা ট্রিবিউন |
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দিতে নোয়াখালী থেকে ঢাকায় আসার পথে কুমিল্লায় সড়ক দুর্ঘটনায় বিএনপির কমপক্ষে ১০ নেতা-কর্মী আহত হয়েছেন। আহতদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক। দুর্ঘটনাটি ঘটে গতকাল বুধবার মধ্যরাতে কুমিল্লার লালমাই উপজেলার বাগমারা এলাকায়।
গাড়িতে থাকা দলীয় নেতা-কর্মীরা জানান, নোয়াখালী জেলা শহর মাইজদী রশিদ কলোনি থেকে ছেড়ে আসা একটি বাস কুমিল্লার লালমাই উপজেলার বাগমারা বাজার এলাকায় পৌঁছালে হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের বিভাজকের ওপর উঠে যায়। এতে বাসের যাত্রীরা আতঙ্কিত হয়ে পড়েন। কমপক্ষে ১০ নেতা-কর্মী আহত হন। দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত উদ্ধারকাজে এগিয়ে আসেন।
সদর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জসিম উদ্দিন জানান, স্থানীয়দের সহায়তায় আহতরা কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। প্রাথমিক চিকিৎসা শেষে নোয়াখালী পৌরসভার ৪ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি জামাল উদ্দিন (জামাল) ও নেয়াজপুর ইউনিয়ন বিএনপির কর্মী ইউসুফকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়। তাঁদের দুজনের অবস্থা গুরুতর।
বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান ও নোয়াখালী-৪ আসনের প্রার্থী মো. শাহজাহান বলেন, ‘এই দিনে এমন মর্মান্তিক দুর্ঘটনা আমাদের জন্য অত্যন্ত বেদনাদায়ক। খবর পাওয়ার সঙ্গে সঙ্গে আহতদের জন্য অ্যাম্বুলেন্স ও প্রয়োজনীয় চিকিৎসা ব্যবস্থার উদ্যোগ নেওয়া হয়েছে।’
কুমিল্লার লালমাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. নুরুজ্জামান দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, খবর পেয়ে থানা-পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। পরে হাইওয়ে পুলিশ এ বিষয়ে আইনি পদক্ষেপ নিয়েছে।

Comments
Comments