দলের একটি মহল আমার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে: বিএনপির প্রার্থী
![]() |
| নিজ বাড়িতে সংবাদ সম্মেলনে মোহাম্মদ জালাল উদ্দিন | ছবি: পদ্মা ট্রিবিউন |
চাঁদপুর-২ (মতলব উত্তর ও দক্ষিণ) আসনের বিএনপির মনোনীত প্রার্থী মোহাম্মদ জালাল উদ্দিন বলেছেন, ‘দলের কিছু মহল ঈর্ষান্বিত হয়ে আমার বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার চালাচ্ছে। আমি ব্যাংক থেকে এক টাকাও ঋণ নেই। আমার বিরুদ্ধে কোনো মামলা হয়নি। আমাকে ও আমার দলকে প্রশ্নবিদ্ধ করার জন্যই এই অপপ্রচার চলছে। যদি দুদক আমার বিরুদ্ধে মামলা করেই থাকে, তাহলে আইন অনুযায়ী তা মোকাবিলা করব।’
দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত জালাল উদ্দিন ও তাঁর পরিবারের সদস্যদের দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন। এ বিষয়ে আজ মঙ্গলবার বেলা ১১টায় চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার নবকলস এলাকায় নিজের বাসভবনে সংবাদ সম্মেলন করেছেন জালাল উদ্দিন।
বিধিবহির্ভূত সম্পদ অর্জন ও মানি লন্ডারিংয়ের অভিযোগে অনুসন্ধান চলমান থাকায় চাঁদপুর-২ আসনের বিএনপির প্রার্থী ও দলের জাতীয় নির্বাহী কমিটির সদস্য জালাল উদ্দিন, তাঁর স্ত্রী ও তিন সন্তানের বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ আদালতের অবকাশকালীন বিচারক আবদুল্লাহ আল মামুন সোমবার এই আদেশ দিয়েছেন।
সংবাদ সম্মেলনে জালাল উদ্দিন বলেন, ‘আমি দলের মনোনয়ন পাওয়ায় এবং কিছু মনোনয়নবঞ্চিত ব্যক্তি সফল না হতে পারায় আমার বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে অপকৌশল ব্যবহার করছে। জীবনে আমার দ্বারা কোনো অপকর্ম হয়নি, হবে না। দলের নেতা-কর্মীদের বিভ্রান্ত না হওয়ার জন্য আহ্বান জানাচ্ছি। এমন নয় যে আমি নির্বাচন করতে পারব না। আমার প্রতি আস্থা থাকায় ২০১৮ সালের মতো এবারও দল আমাকে মনোনয়ন দিয়েছে।’
সংবাদ সম্মেলনে মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, মতলব উত্তর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলমগীর হোসেন সরকার, মতলব পৌর বিএনপির আহ্বায়ক শোয়েব সরকার ও মতলব দক্ষিণ উপজেলা যুবদলের আহ্বায়ক মুজাহিদুল ইসলামসহ স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
দুদকের অনুসন্ধান সম্পর্কে জানতে চাইলে মোহাম্মদ জালাল উদ্দিন মুঠোফোনে বলেন, ‘দুদকের করা মামলার কোনো নোটিশ এখনো পাইনি। যদি মামলা বা অভিযোগ থাকে, তবে আইন অনুযায়ী মোকাবিলা করব।’

Comments
Comments