চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে শিবিরের নতুন কমিটি, সভাপতি হলেন চাকসুর ভিপি
![]() |
| চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা ইসলামী ছাত্রশিবিরের নবগঠিত কমিটির সভাপতি মো. ইব্রাহীম ও সেক্রটারি মোহাম্মদ পারভেজ | ছবি: তাঁদের ফেসবুক আইডি থেকে নেওয়া |
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা ইসলামী ছাত্রশিবিরের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। এতে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের (চাকসু) ভিপি মো. ইব্রাহীম সভাপতি নির্বাচিত হয়েছেন। এ ছাড়া আগের কমিটির সেক্রেটারি মোহাম্মদ পারভেজকে আবারও সেক্রেটারি করা হয়েছে। আগামী এক বছর তাঁরা এসব পদে দায়িত্ব পালন করবেন।
গতকাল সোমবার রাতে শাখা ছাত্রশিবিরের প্রচার সম্পাদক এবং চাকসুর যোগাযোগ ও আবাসনবিষয়ক সম্পাদক মো. ইসহাক ভূঁঞার সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, গতকাল নগরের একটি মিলনায়তনে বিশ্ববিদ্যালয় শাখা ইসলামী ছাত্রশিবিরের সদস্যদের নিয়ে সদস্য সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন সংগঠনটির কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল সিবগাতুল্লাহ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কেন্দ্রীয় কমিটির মাদ্রাসা সম্পাদক আলাউদ্দিন আবির।
সমাবেশে সদস্যদের ভোটে মো. ইব্রাহীমকে সভাপতি নির্বাচিত করা হয়। একই অনুষ্ঠানে সদস্যদের পরামর্শে মোহাম্মদ পারভেজকে সেক্রেটারি করা হয়।
সদ্য দায়িত্ব নেওয়া শাখা ছাত্রশিবিরের সভাপতি মো. ইব্রাহীম বলেন, তিনি এর আগেও ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় দায়িত্বে ছিলেন। এখন তিনি শাখা সভাপতির দায়িত্ব পালন করবেন। চাকসুর ভিপির দায়িত্বের পাশাপাশি সাংগঠনিক দায়িত্বও সঠিকভাবে পালনের সর্বোচ্চ চেষ্টা করবেন বলে জানান তিনি।
দীর্ঘ ১০ বছর পর গত বছরের ২৪ সেপ্টেম্বর তৎকালীন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের সভাপতি নাহিদুল ইসলাম এবং সেক্রেটারি মুহাম্মদ ইব্রাহিমের পরিচয় প্রকাশ পায়। এরপর ২১ অক্টোবর প্রকাশ্যে আসেন প্রচার সম্পাদক সাইদ বিন হাবিব। পরে একই বছরের ২০ নভেম্বর ১৭ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়। এরপর থেকেই বিশ্ববিদ্যালয়ে ছাত্রশিবিরের নিয়মিত কার্যক্রম দেখা যায়। চলতি বছর ১৫ অক্টোবর অনুষ্ঠিত চাকসু নির্বাচনে ২৬টি পদের মধ্যে ২৪টিতেই ছাত্রশিবির–সমর্থিত প্রার্থীরা জয়ী হন।

Comments
Comments