[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

জালিয়াতি করে ‘মুক্তিযোদ্ধা কোটায়’ চাকরি: ইউএনও কামালের ডিএনএ পরীক্ষা হবে

প্রকাশঃ
অ+ অ-
 ইউএনও মো. কামাল হোসেন | ছবি: সংগৃহীত

চাঁপাইনবাবগঞ্জের নাচোলের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. কামাল হোসেনের বিরুদ্ধে জালিয়াতি করে মুক্তিযোদ্ধা কোটায় প্রশাসন ক্যাডারে চাকরি নেওয়ার অভিযোগ উঠেছে। তাঁর প্রকৃত মা-বাবা কে তা নিশ্চিত করতে দুদক ডিএনএ পরীক্ষার সিদ্ধান্ত নিয়েছে।

মঙ্গলবার দুদকের প্রধান কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দুদকের মহাপরিচালক (তদন্ত) মো. আক্তার হোসেন এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন।

দুদক সূত্র জানায়, গত বছরের ২৬ ডিসেম্বর দুদকের সম্মিলিত জেলা কার্যালয় ঢাকা–১-এর উপসহকারী পরিচালক মো. মনজুরুল ইসলাম মিন্টু বাদী হয়ে কামাল হোসেনের বিরুদ্ধে মামলা করেন। মামলায় বলা হয়েছে, মুক্তিযোদ্ধা কোটায় বিশ্ববিদ্যালয়ে ভর্তি, চাকরি পাওয়াসহ বিভিন্ন সুবিধা ভোগের উদ্দেশ্যে কামাল হোসেন তাঁর জন্মদাতা পিতা-মাতা মো. আবুল কাশেম ও মোছা. হাবীয়া খাতুনের পরিবর্তে নিজের চাচা বীর মুক্তিযোদ্ধা মো. আহসান হাবীব ও চাচি মোছা. সানোয়ারা খাতুনকে পিতা-মাতা দেখিয়েছিলেন। এই কৌশলে তিনি ৩৫তম বিসিএস পরীক্ষায় অংশ নিয়ে মুক্তিযোদ্ধার সন্তান কোটায় প্রশাসন ক্যাডারে চাকরি পান।

মামলার তদন্ত কর্মকর্তা আদালতে আবেদন করে জানিয়েছেন, কামাল হোসেনের ডিএনএ নমুনা তাঁর বাবা–মা ও চাচা–চাচির ডিএনএ মিলিয়ে দেখা হবে। আদালতের অনুমতি পাওয়ার পর কমিশন ডিএনএ পরীক্ষার অনুমোদন দিয়েছে। দুদক সূত্র জানায়, মামলার সুষ্ঠু তদন্তে ডিএনএ পরীক্ষার ফলাফল অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে এবং অভিযোগের সত্যতা নির্ধারণে এটি বড় প্রমাণ হিসেবে কাজ করবে।

Fetching live reactions...
Was this article helpful?

Comments

Comments

Loading comments…
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন