জেদ্দাফেরত পাঁচ যাত্রীর কাছ থেকে ৭০০ গ্রাম সোনা জব্দ
![]() |
| চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রীদের কাছ থেকে জব্দ করা সোনা | ছবি: বিমানবন্দর কর্তৃপক্ষের সৌজন্যে |
চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে আজ বুধবার সকালে জেদ্দা ফেরত পাঁচ যাত্রীর কাছ থেকে ৭০০ গ্রাম সোনা জব্দ করেছেন কাস্টমস কর্মকর্তারা। ব্যাগেজ রুলের অতিরিক্ত আনায় এসব সোনা জব্দ করা হয়।
নতুন ব্যাগেজ বিধিমালা অনুযায়ী, বিদেশফেরত একজন যাত্রী বছরে একবার শুল্ক ছাড়াই সর্বোচ্চ ১০০ গ্রাম সোনার অলংকার আনতে পারবেন।
বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, এই পাঁচ যাত্রী মোট ১ হাজার ২০০ গ্রাম সোনা এনেছেন। নিয়ম অনুযায়ী, যাদের ১০০ গ্রামের বেশি সোনা আছে, তা জব্দ করা হয়েছে।
বিজ্ঞপ্তি অনুযায়ী, জেদ্দা ফেরত জেসমিন আক্তারের কাছ থেকে ২০০ গ্রাম সোনা উদ্ধার করা হয়। নিয়ম অনুযায়ী যাত্রীকে ১০০ গ্রাম সোনা দেওয়া হয়েছে, বাকি ১০০ গ্রাম জব্দ করা হয়েছে। একইভাবে মো. নাসির, মোহাম্মদ মাসুম করিম চৌধুরী, কাজী মনোয়ারা বেগম ও ইয়াসমিন আক্তারের কাছ থেকে এক হাজার গ্রাম সোনা পাওয়া গেছে। প্রত্যেককে ১০০ গ্রাম সোনা ফেরত দেওয়া হয়েছে, বাকি ৬০০ গ্রাম জব্দ করা হয়েছে।
বিমানবন্দরের মুখপাত্র মোহাম্মদ ইব্রাহীম খলিল জানিয়েছেন, জব্দ করা সোনার মূল্য ৩৫ লাখ টাকা। ব্যাগেজ রুলের অতিরিক্ত সোনা আনার জন্য যাত্রীদের মৌখিকভাবে সতর্ক করা হয়েছে।

Comments
Comments