[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

কুমিল্লায় আওয়ামী লীগ-ছাত্রলীগের ৪৪ নেতা-কর্মী আটক

প্রকাশঃ
অ+ অ-
হাতকড়া | প্রতীকী ছবি

কুমিল্লার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের ৪৪ নেতা–কর্মীকে আটক করেছে পুলিশ। এর মধ্যে কুমিল্লা নগরে মিছিলের প্রস্তুতির সময় ২৯ জনকে আটক করা হয়।

আজ রোববার দুপুরে কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) রাশেদুল হক চৌধুরী এ তথ্য নিশ্চিত করেন।

পুলিশ জানায়, রোববার ভোরে নগরের টমছমব্রিজ, ঝাউতলা ও বাদুরতলা এলাকা থেকে মিছিলের প্রস্তুতির সময় ২৯ জনকে আটক করা হয়। এর আগে শনিবার রাতভর জেলার বিভিন্ন উপজেলায় অভিযান চালিয়ে আরও ১৫ জনকে আটক করা হয়।

পুলিশের ভাষ্য, জুলাই অভ্যুত্থান দমাতে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচারের রায়কে কেন্দ্র করে তৎপর হওয়ার চেষ্টা চালাচ্ছিল আওয়ামী লীগ, ছাত্রলীগসহ নিষিদ্ধ ঘোষিত সংগঠনের নেতা–কর্মীরা। বিদেশে পলাতক কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সভাপতি আ ক ম বাহাউদ্দিন বাহার ও তাঁর মেয়ে তাহসিন বাহার সূচনার ছবি-সংবলিত ব্যানার হাতে নিয়ে ভোরে টমছমব্রিজ এলাকায় ঝটিকা মিছিলের চেষ্টা করেন ছাত্রলীগের নেতা–কর্মীরা। এ সময় অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।

কুমিল্লা কোতোয়ালি মডেল থানার ওসি মহিনুল ইসলাম বলেন, রোববার সকাল ৬টার দিকে টমছমব্রিজ এলাকায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতা–কর্মীরা মিছিলের প্রস্তুতি নিচ্ছিল। খবর পেয়ে পুলিশ সেখানে গেলে তারা ছত্রভঙ্গ হয়ে পালানোর চেষ্টা করে। পরে পুলিশ ও স্থানীয় লোকজন ধাওয়া দিয়ে টমছমব্রিজ, ঝাউতলা ও বাদুরতলা এলাকা থেকে ২৯ জনকে আটক করে। এ সময় তাঁদের কাছ থেকে ব্যানার ও লাঠি জব্দ করা হয়।

মহিনুল ইসলাম বলেন, কুমিল্লায় অরাজকতা সৃষ্টি ও আইন–শৃঙ্খলা পরিস্থিতি বিঘ্নিত করার উদ্দেশ্যে সাবেক এমপি বাহার ও তাঁর মেয়ে সূচনার টাকায় নগরে নিষিদ্ধ ছাত্রলীগ ঝটিকা মিছিলের প্রস্তুতি নিয়েছিল।

Fetching live reactions...
Was this article helpful?

Comments

Comments

Loading comments…
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন