পদ্মা ট্রিবিউন | বাংলা নিউজ পেপার
বাংলাদেশ রাজনীতি বিশ্ব বাণিজ্য মতামত খেলা বিনোদন চাকরি জীবনযাপন ভিডিও

ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের ৩০ বছর পূর্তি উদযাপন

রাজধানীর আফতাবনগরে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে দিনব্যাপী নানা আয়োজনের মধ্য দিয়ে প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়।

নিজস্ব প্রতিবেদক ঢাকা
৩০ বছর পূর্তি উপলক্ষে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির বিশেষ র‍্যালি
৩০ বছর পূর্তি উপলক্ষে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির বিশেষ র‍্যালি | ছবি: বিশ্ববিদ্যালয়ের সৌজন্যে

উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের ৩০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে। শনিবার রাজধানীর আফতাবনগরে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে দিনব্যাপী নানা আয়োজনের মধ্য দিয়ে প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়।


সকালে বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের সদস্য, প্রশাসনিক কর্মকর্তা, শিক্ষক, শিক্ষার্থী ও সাবেক শিক্ষার্থীদের উপস্থিতিতে বর্ণিল বেলুন উড়িয়ে দিনের কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। পরে একটি বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা ক্যাম্পাস ও আশপাশের এলাকা প্রদক্ষিণ করে।


পরবর্তী সময়ে বিশ্ববিদ্যালয়ের মুক্তমঞ্চে স্মৃতিচারণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে স্বাগত বক্তব্য দেন ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক শামস রহমান।


অনুষ্ঠানে শিক্ষকদের পক্ষে অধ্যাপক অনিন্দিতা পাল এবং কর্মকর্তাদের পক্ষে রোজিনা পারভিন বক্তব্য দেন। সাবেক শিক্ষার্থীদের প্রতিনিধি হিসেবে বক্তব্য দেন এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেনের উপাচার্য ড. রুবানা হক।


এ ছাড়া ট্রাস্টি বোর্ডের পক্ষে বোর্ডের সদস্য মুনিজে মঞ্জুর এবং সাবেক উপাচার্যদের পক্ষে অধ্যাপক এম এম শহিদুল হাসান বক্তব্য উপস্থাপন করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা উপাচার্য ও ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মোহাম্মদ ফরাসউদ্দিন।


স্মৃতিচারণ পর্বে বক্তারা ১৯৯৬ সালের সেপ্টেম্বরে মাত্র ২০ জন শিক্ষার্থী নিয়ে ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের যাত্রা শুরুর ইতিহাস স্মরণ করেন। একই সঙ্গে গত তিন দশকে বিশ্ববিদ্যালয়ের ধারাবাহিক সাফল্য, মানসম্মত শিক্ষা প্রদান এবং গবেষণার বিভিন্ন অর্জন তুলে ধরা হয়।


আগামী দিনে আন্তর্জাতিক অঙ্গনে বিশ্ববিদ্যালয়ের অবস্থান আরও সুদৃঢ় করার নানা দিকনির্দেশনা ও পরিকল্পনাও ব্যক্ত করেন বক্তারা।


আলোচনা পর্বের ফাঁকে ফাঁকে এবং অনুষ্ঠান শেষে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, সাবেক শিক্ষার্থী ও শিক্ষকদের অংশগ্রহণে মনোরম সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।


দিনব্যাপী এই আয়োজনে বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের সদস্য, উপ-উপাচার্য, কোষাধ্যক্ষ, বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় প্রধান, শিক্ষক-শিক্ষার্থী ও সাবেক শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

শিক্ষা থেকে আরও পড়ুন

0 Comments

No comments yet. Be the first to share your thoughts!

Leave a Comment

Moderated — may take a moment.