বিএনপি নেতার হুঁশিয়ারি
কার্যক্রম নিষিদ্ধ দলের মিছিলে যাদের চিহ্নিত করা যাবে, তাদের বাড়িঘর গুঁড়িয়ে দিতে হবে
আওয়ামী লীগ এবং এর সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের নেতা–কর্মীদের বাড়িঘর গুঁড়িয়ে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. সিরাজুল ইসলাম।
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলায় মিছিল করলে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ এবং এর সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের নেতা–কর্মীদের বাড়িঘর গুঁড়িয়ে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. সিরাজুল ইসলাম।
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সন্ত্রাস ও বিশৃঙ্খলার প্রতিবাদে গতকাল শুক্রবার সন্ধ্যায় আখাউড়া পৌরসভার আদর আলী কমপ্লেক্সের সামনে এক সমাবেশে এ হুঁশিয়ারি দেন মো. সিরাজুল ইসলাম। তাঁর বক্তব্যের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
জানা গেছে, গত বৃহস্পতিবার রাতে নিষিদ্ধ ছাত্রলীগের আখাউড়া উপজেলার নেতা–কর্মীরা উপজেলার রেলওয়ে স্কুল–সংলগ্ন লেভেল ক্রসিং এলাকায় মিছিল করেন। মিছিলে নেতৃত্ব দেন নিষিদ্ধ ছাত্রলীগের আখাউড়া জংশন সাধারণ সম্পাদক রেজায়েন রাব্বি ভুঁইয়া ও উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ইকবাল হোসেনের ছেলে ছাত্রলীগের কর্মী শেখ ইমরান হোসেন। মিছিলের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।
এর প্রতিবাদে গতকাল সন্ধ্যায় আখাউড়া পৌর মুক্তমঞ্চ থেকে পৌর শহরের সড়কবাজার ঘুরে মায়াবী সিনেমা হল এলাকা পর্যন্ত বিক্ষোভ মিছিল করেন ব্রাহ্মণবাড়িয়া জেলা ও আখাউড়া উপজেলা বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা–কর্মীরা। পরে আদর আলী কমপ্লেক্সের সামনে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. সিরাজুল ইসলাম। এ সময় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা–কর্মীদের ইঙ্গিত করে তিনি বলেন, ‘এই আপার জন্য মায়াকান্না করে তারা মিছিল করে, রাজপথে আগুন–সন্ত্রাস করে।’
সিরাজুল ইসলাম বলেন, ‘আমি শুনেছি, আখাউড়া উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ইকবাল হোসেনের ছেলে নাকি মিছিলের নেতৃত্ব দিয়েছেন। ইকবাল হোসেনের বাড়ির ইট তো থাকার কথা নয়। আপনারা কী করেছেন? আপনারা তো কিছুই করতে পারেননি। এই ইকবাল হোসেনের বাড়ি আখাউড়ায় থাকে কীভাবে?’
এ সময় দলের নেতা–কর্মীদের উদ্দেশে জেলা বিএনপির সাধারণ সম্পাদক বলেন, ‘আমি দেখতে চাই, রাজপথে ফ্যাসিস্টরা যেখানে মিছিল করবে, সেখানেই তাদের প্রতিহত করতে হবে। যাদের চিহ্নিত করা যাবে, তাদের বাড়ি গুঁড়িয়ে দিতে হবে। কোনো অবস্থাতেই তাদের সঙ্গে আপস করা যাবে না। আমি আপনাদের অনুরোধ করছি, আপনারা সতর্ক ও সজাগ থাকবেন। ফ্যাসিস্টদের কোনো অবস্থাতেই ছাড় দেওয়া যাবে না।’
সমাবেশে ব্রাহ্মণবাড়িয়া জেলা যুবদলের সভাপতি শামীম মোল্লা বলেন, ‘পার্শ্ববর্তী দেশ ভারতে বসে খুনি হাসিনা ও তাঁর দোসররা এই দেশে অগ্নিসংযোগ করে, জ্বালাও–পোড়াও করে, বাড়িঘর ভাঙচুর করে। (আমাদের) দলীয় নেতা–কর্মীদের হত্যা করা হচ্ছে। আমি বলে দিতে চাই, এখন থেকে আপনারা প্রস্তুত থাকবেন। যদি কোনো সভা–সমাবেশ বা মিছিল আখাউড়ার মাটিতে করার চেষ্টা করে, তাহলে তাদের বাড়িঘর পুড়িয়ে শেষ করে দেবেন। দলীয় নেতা–কর্মীরা (সীমান্তের) চেকপোস্টে সজাগ থাকবেন, কোনো দোসর যেন দেশে ঢুকতে না পারে।’
আখাউড়া উপজেলা বিএনপির সভাপতি জয়নাল আবেদীনের সভাপতিত্বে এবং পৌর বিএনপির সাধারণ সম্পাদক আকতার হোসেন খানের সঞ্চালনায় সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য দেন ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম সাধারণ সম্পাদক আলী আজম, সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান শাহীন ও জেলা যুবদলের সাধারণ সম্পাদক ইয়াছিন মাহমুদ। এ ছাড়া উপস্থিত ছিলেন যুবদলের কুমিল্লা বিভাগের সাংগঠনিক সম্পাদক তাজুল ইসলাম, ব্রাহ্মণবাড়িয়া জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ তৈমুর প্রমুখ।