পদ্মা ট্রিবিউন | বাংলা নিউজ পেপার
বাংলাদেশ রাজনীতি বিশ্ব বাণিজ্য মতামত খেলা বিনোদন চাকরি জীবনযাপন ভিডিও

লক্ষ্মীপুরে ওসিকে ফোন করে থানা জ্বালিয়ে দেওয়ার হুমকি

এ দুটি ঘটনায় থানায় সাধারণ ডায়েরি করেছেন ওসি।

প্রতিনিধি লক্ষ্মীপুর
রামগঞ্জ থানা
রামগঞ্জ থানা | ছবি: পদ্মা ট্রিবিউন

লক্ষ্মীপুরের রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) ফোন করে থানা জ্বালিয়ে দেওয়ার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে নিষিদ্ধ ছাত্রলীগের এক নেতার বিরুদ্ধে। একই দিনে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের এক নেতাও ফেসবুক সরাসরি সম্প্রচারে এসে ওই ওসিকে হুমকি দিয়েছেন। এ দুটি ঘটনায় থানায় সাধারণ ডায়েরি করেছেন ওসি।


শুক্রবার ওসিকে হুমকি দেওয়ার ঘটনা ঘটে। রাতেই এ বিষয়ে রামগঞ্জ থানায় সাধারণ ডায়েরি করা হয়। হুমকিদাতা দুজন হলেন রামগঞ্জ উপজেলার করপাড়া ইউনিয়ন যুবলীগের সভাপতি আবু জাফর এবং উপজেলা ছাত্রলীগের সাবেক সহসভাপতি আফরান খান।


রামগঞ্জ থানার ওসিকে ফেসবুক সরাসরি সম্প্রচারে হুমকি দেওয়ার ভিডিও এবং মুঠোফোনে হুমকি দেওয়ার শব্দ রেকর্ড সামাজিক যোগাযোগমাধ্যমেও ছড়িয়ে পড়েছে। শব্দ রেকর্ডে ওসিকে উদ্দেশ করে নিষিদ্ধ ছাত্রলীগের উপজেলা শাখার সাবেক সহসভাপতি আফরান খানকে বলতে শোনা যায়, ‘বিএনপির কথা শুনে আমাদের আওয়ামী লীগের আর একজন নেতা–কর্মীকেও যদি আটক বা হয়রানি করা হয়, তবে আপনাদের (পুলিশ) পরিণতি খারাপ হয়ে যাবে। এবার থানা জ্বালিয়ে দেওয়া হবে। আমাদের নেতা-কর্মীদের নামে কি কোনো মামলা আছে?’


ফেসবুক সরাসরি সম্প্রচারে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের করপাড়া ইউনিয়ন সভাপতি আবু জাফরও অভিযোগ করেন, তাঁদের দলীয় নেতা-কর্মীদের হয়রানি করা হচ্ছে। এ সময় ওসিকে উদ্দেশ করে তিনি বলেন, ‘আর একজন নেতা-কর্মীকেও যদি পুলিশ হয়রানি করে, তাহলে কোনো ছাড় দেওয়া হবে না। ওসি আপনাকে বলছি, এখনো সময় আছে। আপনি থাকবেন, আপনার পরিবারও থাকবে, কোথাও যেতে পারবেন না।’


আবু জাফর আরও বলেন, ‘আগামী তিন দিনের মধ্যে করপাড়া ইউনিয়নে জয় বাংলার প্রতিধ্বনি হবে। পারলে আপনি ঠেকান। হয় আপনারা থাকবেন, না হয় আমরা থাকব।’


হুমকির বিষয়টি নিশ্চিত করেছেন লক্ষ্মীপুরের রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ উদ্দিন চৌধুরী। তিনি বলেন, প্রাথমিক তদন্তে জানা গেছে, হুমকিদাতা দুই ব্যক্তি দেশের বাইরে রয়েছেন। নিষিদ্ধ ছাত্রলীগের ওই নেতা সৌদি আরবে এবং অন্যজন দক্ষিণ আফ্রিকায় অবস্থান করছেন। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। থানায়ও সাধারণ ডায়েরি করা হয়েছে।

বাংলাদেশ থেকে আরও পড়ুন

0 Comments

No comments yet. Be the first to share your thoughts!

Leave a Comment

Moderated — may take a moment.