হোটেলে খাওয়ার ফাঁকে পুলিশের গাড়ি চুরি
সিসিটিভি ক্যামেরার ফুটেজে দেখা গেছে, এক ব্যক্তি গাড়িটিতে উঠে দ্রুত সেটি নিয়ে চলে যাচ্ছেন।
চট্টগ্রাম নগরের হালিশহর এলাকায় জেলা পুলিশ লাইনসের সামনে সড়কে রাখা পুলিশের একটি পিকআপ ভ্যান চুরি হয়েছে। বুধবার বেলা পৌনে তিনটার দিকে ছোটপুল এলাকায় এ ঘটনা ঘটে। সিসিটিভি ক্যামেরার ফুটেজে দেখা গেছে, এক ব্যক্তি গাড়িটিতে উঠে দ্রুত সেটি নিয়ে চলে যাচ্ছেন।
নগর পুলিশের সহকারী কমিশনার (গণমাধ্যম) আমিনুর রশিদ সন্ধ্যায় বলেন, হালিশহর থানার পুলিশ সদস্যরা একটি পুরোনো পিকআপ ভ্যান নিয়ে টহলে বের হয়েছিলেন। গাড়িতে তিনজন পুলিশ সদস্য ছিলেন। দুপুরে তাঁরা গাড়িটি জেলা পুলিশ লাইনসের সামনের সড়কে রেখে পাশের একটি রেস্তোরাঁয় খেতে যান। ফিরে এসে দেখেন, গাড়িটি নেই।
আমিনুর রশিদ আরও বলেন, সিসিটিভি ক্যামেরার ফুটেজে দেখা গেছে, এক ব্যক্তি নকল চাবি দিয়ে গাড়িটি নিয়ে গেছেন। গাড়িটি উদ্ধারে পুলিশের একাধিক দল কাজ করছে। এ ঘটনায় জড়িত ব্যক্তিকে শনাক্ত করারও চেষ্টা চলছে।