এনসিপির সাবেক নেতাকে পিটিয়ে থানায় সোপর্দ
ফেসবুকে প্রধানমন্ত্রী তারেক রহমান ও স্থানীয় সংসদ সদস্য এম এ হান্নানকে নিয়ে সমালোচনামূলক মন্তব্য করার অভিযোগে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সাবেক নেতা আসাদ খোকনকে পিটিয়ে পুলিশে দিয়েছেন স্থানীয় বিএনপি নেতাকর্মী ও এলাকাবাসী।
শুক্রবার বিকেলে উপজেলার হরিপুর ইউনিয়নের জমিদার বাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। আসাদ খোকনের বাড়ি নাসিরনগর উপজেলার বুড়িশ্বর ইউনিয়নের লক্ষ্মীপুর গ্রামে।
স্থানীয় সূত্রে জানা গেছে, অবসরপ্রাপ্ত সেনাসদস্য আসাদ খোকন একসময় যুবলীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। তৎকালীন আওয়ামী লীগ সরকারের আমলে তিনি ব্রাহ্মণবাড়িয়া-১ আসনের সংসদ সদস্য বি এম ফরহাদ হোসেন সংগ্রামের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত ছিলেন। ২০২৪ সালের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের পর তিনি এনসিপিতে যোগ দিলেও পরবর্তী সময়ে তাকে দল থেকে বহিষ্কার করা হয়। তবে তিনি নিয়মিত ফেসবুকে নানা বিষয়ে সমালোচনামূলক লেখালেখি করতেন।
অভিযোগ উঠেছে, সম্প্রতি ফেসবুকে প্রধানমন্ত্রী তারেক রহমান এবং স্থানীয় সংসদ সদস্য এম এ হান্নানকে নিয়ে বেশ কিছু নেতিবাচক মন্তব্য ও পোস্ট করেন তিনি। এর জের ধরে শুক্রবার বিকেলে হরিপুর ইউনিয়নে স্থানীয় বিএনপি নেতাকর্মীসহ একদল লোক তাকে মারধর করে নাসিরনগর থানা-পুলিশের হাতে তুলে দেয়।
হরিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফারুক মিয়া মারধরের বিষয়টি নিশ্চিত করেছেন।
নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহিনুল ইসলাম বলেন, 'আসাদ খোকন সেনাবাহিনী থেকে অবসর নেওয়ার পর বিভিন্ন সময়ে একাধিক রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত ছিলেন। শুক্রবার বিকেলে একদল লোক তাকে মারধর করে থানায় দিয়ে চলে যায়। কারা এই হামলার সঙ্গে জড়িত, তা খতিয়ে দেখছে পুলিশ।'
তিনি আরও জানান, আসাদ খোকনের বিরুদ্ধে থানায় কোনো মামলা বা গ্রেপ্তারি পরোয়ানা না থাকায় আইনি প্রক্রিয়া শেষে তাকে পরিবারের জিম্মায় ছেড়ে দেওয়া হবে।