হামে মৃতের সংখ্যা পৌঁছেছে প্রায় সাড়ে সাত শ
১৫ মার্চ থেকে এ পর্যন্ত হামের উপসর্গ নিয়ে অসুস্থ রোগীর সংখ্যা ১ লাখ ৮ হাজার ৯৯৮ জন।
হামের উপসর্গে গত ২৪ ঘণ্টায় দেশে আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।
প্রতিবেদনে বলা হয়, বুধবার সকাল আটটা থেকে পরদিন সকাল আটটা পর্যন্ত সময়ে এই শিশুরা মারা যায়। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হামের উপসর্গে ৬৫৪ শিশুর মৃত্যু হলো। আর ল্যাবরেটরিতে নিশ্চিত হওয়া হামে মারা গেছে ৯৩ শিশু। সব মিলিয়ে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৭৪৭ জনে।
স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় সারা দেশে আরও ৮১৮ শিশুর শরীরে হামের উপসর্গ দেখা গেছে। ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হামের উপসর্গ নিয়ে অসুস্থ রোগীর সংখ্যা ১ লাখ ৮ হাজার ৯৯৮ জন।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় নিশ্চিতভাবে হাম আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন ১২৮ জন। ১৫ মার্চ থেকে এ পর্যন্ত দেশে মোট ১৩ হাজার ১৯৮ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে।
১৫ মার্চ থেকে এ পর্যন্ত হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ৯২ হাজার ৩১ জন। এর মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছে ৮৮ হাজার ৪১৯ জন।
স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদন বলছে, গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হওয়া হামে কেউ মারা যায়নি। আর হামের উপসর্গে যে দুই শিশু মারা গেছে, তাদের একজন ঢাকা বিভাগের এবং অন্যজন সিলেট বিভাগের।