পদ্মা ট্রিবিউন | বাংলা নিউজ পেপার
বাংলাদেশ রাজনীতি বিশ্ব বাণিজ্য মতামত খেলা বিনোদন চাকরি জীবনযাপন ভিডিও

শ্রমিক বিক্ষোভে চট্টগ্রাম বন্দরের দুই টার্মিনালে কাজ বন্ধ

মঙ্গলবার সকাল আটটায় প্রথম পালা থেকে টার্মিনাল দুটির কার্যক্রম বন্ধ করে দেন তাঁরা।

প্রতিনিধি চট্টগ্রাম
কাজ বন্ধ করে বিক্ষোভ করছেন শ্রমিকেরা। আজ সকালে চট্টগ্রাম বন্দরে
কাজ বন্ধ করে বিক্ষোভ করছেন শ্রমিকেরা। আজ সকালে চট্টগ্রাম বন্দরে | ছবি: পদ্মা ট্রিবিউন

চট্টগ্রাম বন্দরের প্রধান দুটি টার্মিনালে জাহাজ থেকে কনটেইনার ওঠানো-নামানোর কাজ বন্ধ করে দিয়েছেন শ্রমিকেরা। গ্র্যাচুইটিসহ আর্থিক সুবিধা পরিশোধের দাবিতে মঙ্গলবার সকাল আটটায় প্রথম পালা থেকে টার্মিনাল দুটির কার্যক্রম বন্ধ করে দেন তাঁরা।


যে দুটি টার্মিনালে কাজ বন্ধ রয়েছে, সেগুলো হলো নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) ও চিটাগাং কনটেইনার টার্মিনাল (সিসিটি)। গত অর্থবছরে বন্দরের মোট কনটেইনার পরিবহনের ৫৮ শতাংশ এই দুটি টার্মিনালে ওঠানো-নামানো হয়।


বন্দর সূত্রে জানা গেছে, কাগজে-কলমে এনসিটি পরিচালনার দায়িত্বে রয়েছে নৌবাহিনীর প্রতিষ্ঠান চিটাগং ড্রাই ডক লিমিটেড। তবে মূল পরিচালনার কাজ করছে সাইফ পাওয়ারটেক লিমিটেড। সিসিটির পরিচালনার কাজও করছে সাইফ পাওয়ারটেক লিমিটেড।


এই দুটি টার্মিনালের মধ্যে এনসিটি পরিচালনার দায়িত্ব দুবাইভিত্তিক বন্দর পরিচালনাকারী প্রতিষ্ঠান ডিপি ওয়ার্ল্ডকে দেওয়ার জন্য সরকারের সঙ্গে চুক্তি হয়েছে। আগামী কয়েক মাসের মধ্যে ডিপি ওয়ার্ল্ডের কাছে এনসিটি হস্তান্তরের কথা রয়েছে। অন্যদিকে সিসিটিও সাইফ পাওয়ারটেকের হাত থেকে বিদেশিদের কাছে দেওয়ার প্রক্রিয়া চলছে।


এ পরিস্থিতিতে টার্মিনাল দুটিতে এক হাজার নিয়মিত শ্রমিক-কর্মচারীর চাকরি নিয়ে শঙ্কা তৈরি হয়েছে।


একজন শ্রমিক জানান, এ পরিস্থিতিতে টার্মিনাল দুটিতে কর্মরত শ্রমিকেরা গ্র্যাচুইটি, অর্জিত ছুটি, প্রণোদনাসহ বিভিন্ন আর্থিক সুবিধা পরিশোধের দাবি জানিয়ে আসছিলেন। আর্থিক সুবিধা না পাওয়ায় তাঁরা মঙ্গলবার সকাল থেকে টার্মিনাল দুটিতে কাজ বন্ধ করে দিয়েছেন। শ্রমিকদের কর্মসূচির কারণে টার্মিনালে ছয়টি জাহাজ থেকে কনটেইনার ওঠানো-নামানো বন্ধ রয়েছে। একই সঙ্গে টার্মিনালের কার্যক্রমেও অচলাবস্থা চলছে।


বিষয়টি নিয়ে জানতে চাইলে সাইফ পাওয়ারটেক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক তরফদার রুহুল আমিনের মুঠোফোনে যোগাযোগ করা হয়। তবে তিনি ফোন না ধরায় তাঁর বক্তব্য জানা যায়নি। বন্দরের সচিব সৈয়দ রেফায়েত হামিমের মুঠোফোনে যোগাযোগ করা হলেও তিনিও ফোন ধরেননি। জানতে চাইলে বন্দরের একজন কর্মকর্তা জানান, শ্রমিকদের সঙ্গে আলোচনা চলছে। শিগগিরই কাজ শুরু হওয়ার কথা রয়েছে।

বাংলাদেশ থেকে আরও পড়ুন

0 Comments

No comments yet. Be the first to share your thoughts!

Leave a Comment

Moderated — may take a moment.