পদ্মা ট্রিবিউন | বাংলা নিউজ পেপার
বাংলাদেশ রাজনীতি বিশ্ব বাণিজ্য মতামত খেলা বিনোদন চাকরি জীবনযাপন ভিডিও

সাভারে পোশাকশ্রমিকদের সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাল্টাপাল্টি ধাওয়া

পরিস্থিতি নিয়ন্ত্রণে কাঁদানে গ্যাসের শেল ও শব্দবোমা নিক্ষেপ করেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।

প্রতিনিধি সাভার
আজ মঙ্গলবার সকালে সাভারের হেমায়েতপুরের পদ্মার মোড় এলাকায় হেমায়েতপুর-কেরানীগঞ্জ সড়কে টায়ার জ্বালিয়ে অবরোধ করেন শ্রমিকেরা
আজ মঙ্গলবার সকালে সাভারের হেমায়েতপুরের পদ্মার মোড় এলাকায় হেমায়েতপুর-কেরানীগঞ্জ সড়কে টায়ার জ্বালিয়ে অবরোধ করেন শ্রমিকেরা | ছবি: পদ্মা ট্রিবিউন

ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকাসহ বিভিন্ন দাবিতে ঢাকার সাভার উপজেলার একাধিক এলাকায় পোশাকশ্রমিকদের সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে কাঁদানে গ্যাসের শেল ও শব্দবোমা নিক্ষেপ করেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।


মঙ্গলবার সকালে সাভারের হেমায়েতপুরের পদ্মার মোড় এবং আশুলিয়ার খেজুরবাগান ও জামগড়া এলাকায় এসব ঘটনা ঘটে।


প্রত্যক্ষদর্শীদের কয়েকজন জানান, সকালে হেমায়েতপুরের পদ্মার মোড় এলাকায় কয়েকটি কারখানার শ্রমিকেরা হেমায়েতপুর-কেরানীগঞ্জ সড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করেন। একপর্যায়ে পুলিশ ও বিজিবির সদস্যরা তাঁদের সড়ক থেকে সরে যেতে বলেন। এ সময় শ্রমিকেরা বিক্ষুব্ধ হয়ে ওঠেন। একপর্যায়ে শ্রমিকদের সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের পাল্টাপাল্টি ধাওয়া হয়। পরে কাঁদানে গ্যাসের শেল ও শব্দবোমা নিক্ষেপ করে শ্রমিকদের ছত্রভঙ্গ করে দেওয়া হয়।


এদিকে আশুলিয়ার জামগড়া এলাকায় সকাল সাড়ে আটটার দিকে শ্রমিকদের একটি দল সড়কে অবস্থান নেওয়ার চেষ্টা করলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ধাওয়া দিয়ে তাঁদের সরিয়ে দেন। এ ছাড়া খেজুরবাগান এলাকায় সকাল ১০টার দিকে শ্রমিকদের আরেকটি দল সড়কে অবস্থান নেওয়ার চেষ্টা করলে বাহিনীর সদস্যরা ধাওয়া দেন। এ সময় কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করে তাঁদের ছত্রভঙ্গ করা হয়।


শ্রমিকদের সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনার সত্যতা নিশ্চিত করে সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাইফুল ইসলাম বলেন, কাঁদানে গ্যাস ও শব্দবোমা নিক্ষেপ করে শ্রমিকদের সড়ক থেকে সরিয়ে দেওয়া হয়। সাভার ও আশুলিয়ার সার্বিক পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের পাশাপাশি ১৮ প্লাটুন বিজিবি মোতায়েন রয়েছে।

বাংলাদেশ থেকে আরও পড়ুন

0 Comments

No comments yet. Be the first to share your thoughts!

Leave a Comment

Moderated — may take a moment.