পদ্মা ট্রিবিউন | বাংলা নিউজ পেপার
বাংলাদেশ রাজনীতি বিশ্ব বাণিজ্য মতামত খেলা বিনোদন চাকরি জীবনযাপন ভিডিও

চট্টগ্রামে বিএনপির মিছিলে বাসের ধাক্কা, ছিটকে পড়ে আহত সাত নেতা-কর্মী

এ সময় নেতা-কর্মীরা সড়কটিতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের অপতৎপরতার বিরুদ্ধে প্রতিবাদ মিছিল করছিলেন।

প্রতিনিধি চট্টগ্রাম
দুর্ঘটনার পর বাসটি ভাঙচুর করেন বিএনপির নেতা–কর্মীরা। গতকাল মঙ্গলবার রাত সাড়ে আটটার দিকে কর্ণফুলী উপজেলার মইজ্জ্যারটেক চত্বরসংলগ্ন চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে
দুর্ঘটনার পর বাসটি ভাঙচুর করেন বিএনপির নেতা–কর্মীরা। গতকাল মঙ্গলবার রাত সাড়ে আটটার দিকে কর্ণফুলী উপজেলার মইজ্জ্যারটেক চত্বরসংলগ্ন চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে | ছবি: ভিডিও থেকে নেওয়া

চট্টগ্রামের কর্ণফুলীতে বাসের ধাক্কায় বিএনপির সাত নেতা-কর্মী আহত হয়েছেন। গতকাল মঙ্গলবার রাত সাড়ে আটটার দিকে উপজেলার মইজ্জ্যারটেক চত্বরসংলগ্ন চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে এ ঘটনা ঘটে। এ সময় নেতা-কর্মীরা সড়কটিতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের অপতৎপরতার বিরুদ্ধে প্রতিবাদ মিছিল করছিলেন।


আহত ব্যক্তিরা হলেন চরলক্ষ্যা ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দিন, কর্ণফুলী উপজেলা বিএনপি নেতা মাহমুদুর রহমান, শিকলবাহা ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক সেলিম ইমরান, ইকরাম হোসেন, ফরহাদুল ইসলাম, মামুনুর রশিদ ও আবুল কালাম।


প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, আওয়ামী লীগের নৈরাজ্য ও অপতৎপরতার প্রতিবাদে রাতে মইজ্জ্যারটেক এলাকায় বিক্ষোভ মিছিল বের করেন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা। মিছিলটি মহাসড়কের বিভিন্ন অংশ ঘুরে মইজ্জ্যারটেক এলাকায় পৌঁছালে পেছন থেকে দ্রুতগতির একটি মিনিবাস মিছিলে থাকা নেতা-কর্মীদের ধাক্কা দেয়। এতে অন্তত সাতজন আহত হন।


এ ঘটনার পর মিছিলে অংশ নেওয়া নেতা-কর্মীদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। তাঁরা দুর্ঘটনায় জড়িত বাসটি ভাঙচুর করেন। পরে চালককে আটক করে পিটুনি দিয়ে পুলিশের কাছে সোপর্দ করেন। এরপর আহত ব্যক্তিদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। এ ঘটনায় প্রায় ২০ মিনিট মহাসড়কে যান চলাচল বিঘ্নিত হয়। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।


জানতে চাইলে কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুর আহমদ বলেন, বিএনপি ও অঙ্গসংগঠনের মিছিল চলাকালে পেছন থেকে একটি বাস ধাক্কা দিলে এ ঘটনা ঘটে। বাসচালককে আটক করা হয়েছে।

বাংলাদেশ থেকে আরও পড়ুন

0 Comments

No comments yet. Be the first to share your thoughts!

Leave a Comment

Moderated — may take a moment.