পদ্মা ট্রিবিউন | বাংলা নিউজ পেপার
বাংলাদেশ রাজনীতি বিশ্ব বাণিজ্য মতামত খেলা বিনোদন চাকরি জীবনযাপন ভিডিও

পাবনা-ঢাকা পথে চালুর অপেক্ষায় ভারতীয় ১৮ রেলকোচ

এই কোচগুলো দিয়েই আগামী ১৯ নভেম্বর পাবনা-ঢাকা পথে সরাসরি আন্তঃনগর ট্রেন চলাচল শুরু হবে।

প্রতিনিধি নীলফামারী
১৮টি রেলকোচ রেলওয়ের পাকশী ট্রাফিক বিভাগকে হস্তান্তর করা হয়েছে।
১৮টি রেলকোচ রেলওয়ের পাকশী ট্রাফিক বিভাগকে হস্তান্তর করা হয়েছে। | ছবি: পদ্মা ট্রিবিউন

ভারত থেকে আমদানি করা ১৮টি নতুন রেলকোচ পরীক্ষা-নিরীক্ষা শেষে পাকশী রেলওয়ে বিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে। আজ সোমবার (১৬ নভেম্বর) সকাল আটটার দিকে নীলফামারীর সৈয়দপুর কারখানা কর্তৃপক্ষ কোচগুলো বুঝিয়ে দেয়। এই কোচগুলো দিয়েই আগামী ১৯ নভেম্বর পাবনা-ঢাকা পথে সরাসরি আন্তঃনগর ট্রেন চলাচল শুরু হবে।


রেলওয়ে কারখানা সূত্রে জানা যায়, সহকারী যান্ত্রিক প্রকৌশলী মো. সাইফুল ইসলাম ও ঈশ্বরদীর প্রধান ট্রেন পরীক্ষক তন্ময় সরকারের হাতে কোচগুলো হস্তান্তর করা হয়। পরে সেগুলো পাকশীর উদ্দেশে সৈয়দপুর ছেড়ে আসে। এর আগে গত ১৭ অক্টোবর ভোর চারটার দিকে ভারত থেকে প্রথম চালানের এই ১৮টি কোচ সৈয়দপুর কারখানায় পৌঁছায়। সেখানে যান্ত্রিক পরীক্ষা-নিরীক্ষা ও চালুর উপযোগী করার কাজ সম্পন্ন হয়।


পরীক্ষা-নিরীক্ষা শেষে গত ৮ নভেম্বর রেলপথে কোচগুলোর পরীক্ষামূলক চলাচল সম্পন্ন করা হয়। এ সময় পশ্চিমাঞ্চল রেলওয়ের মহাব্যবস্থাপক আহম্মদ মাসুম, ২০০ কোচ আমদানি প্রকল্পের পরিচালক জয়দুল ইসলাম ও সৈয়দপুর রেলওয়ে কারখানার বিভাগীয় তত্ত্বাবধায়ক শাহ সুফি নূর মোহাম্মদ উপস্থিত ছিলেন। পরীক্ষামূলক চলাচল শেষে ওই দিনই ট্রেনটি পঞ্চগড় থেকে সৈয়দপুর কারখানায় ফিরিয়ে আনা হয়।


সৈয়দপুর রেলওয়ে কারখানার বিভাগীয় তত্ত্বাবধায়ক শাহ সুফি নূর মোহাম্মদ জানান, ভারতীয় কোচগুলোর কারিগরি পরীক্ষা শেষে সফলভাবে পরীক্ষামূলক চলাচল সম্পন্ন হয়েছে। এ সময় কারখানার প্রকৌশলীদের সঙ্গে ভারতীয় বিশেষজ্ঞ দলও যুক্ত ছিল। তাঁরা ট্রেনের গতিবেগসহ বিভিন্ন কারিগরি দিক যাচাই করেছেন। ফলাফল মূল্যায়ন ও প্রয়োজনীয় কাজ শেষে কোচগুলো পরিবহন বিভাগে হস্তান্তর করা হলো। এই কোচগুলো দিয়েই পাবনা এক্সপ্রেস ট্রেন পরিচালিত হবে।


ইউরোপীয় মানদণ্ডে তৈরি এই কোচগুলোর বিশেষ কাঠামোর কারণে দুর্ঘটনা বা সংঘর্ষের সময় একটি কোচ আরেকটির ওপর উঠে যাওয়ার ঝুঁকি থাকবে না। পুরোনো সংযোগ ব্যবস্থার বদলে আধুনিক প্রযুক্তি থাকায় যাত্রাকালে ঝাঁকুনি কম হবে এবং ভ্রমণ আরামদায়ক হবে।


এ ছাড়া কোচগুলোতে শিশু ও মায়েদের জন্য আলাদা পরিচর্যাকক্ষ এবং যাত্রীদের জন্য নামাজের ব্যবস্থা রাখা হয়েছে। দেশের রেলপথের বাস্তবতা বিবেচনায় অতিরিক্ত যাত্রী ও ওজন বহনের উপযোগী করে কোচগুলোর কাঠামো শক্তিশালী করা হয়েছে। আধুনিক অভ্যন্তরীণ সাজসজ্জার এসব কোচে ভাঁজ করা যায় এমন আসন, ক্লোজড সার্কিট ক্যামেরায় নজরদারি এবং জরুরি প্রয়োজনে যাত্রীদের সতর্কসংকেত দেওয়ার ব্যবস্থাও রয়েছে।

বাংলাদেশ থেকে আরও পড়ুন

0 Comments

No comments yet. Be the first to share your thoughts!

Leave a Comment

Moderated — may take a moment.