পদ্মা ট্রিবিউন | বাংলা নিউজ পেপার
বাংলাদেশ রাজনীতি বিশ্ব বাণিজ্য মতামত খেলা বিনোদন চাকরি জীবনযাপন ভিডিও

আজান দেওয়ার সময় মুয়াজ্জিনের ওপর হামলা, রক্তভেজা অবস্থায় উদ্ধার

তিনি দীর্ঘদিন ধরে ওই মসজিদে মুয়াজ্জিনের দায়িত্ব পালন করছেন

প্রতিনিধি নাটোর
প্রতীকী ছবি
প্রতীকী ছবি

নাটোরের নলডাঙ্গা উপজেলায় আজান দেওয়ার সময় সৈয়দ ইসলাম (৫০) নামের এক মুয়াজ্জিনকে উপর্যুপরি ছুরিকাঘাত করেছে দুর্বৃত্তরা। গুরুতর আহত অবস্থায় তাঁকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।


সোমবার ভোরে উপজেলার পিঁপরুল ইউনিয়নের বাঙালপাড়া জামে মসজিদে এ ঘটনা ঘটে। আহত সৈয়দ ইসলাম চর বাঙালপাড়া এলাকার শাহাদ হোসেনের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে ওই মসজিদে মুয়াজ্জিনের দায়িত্ব পালন করছেন।


স্বজন ও স্থানীয় সূত্রে জানা গেছে, ভোরে মসজিদে ফজরের আজান দেওয়ার মাঝামাঝি সময়ে হঠাৎ সৈয়দ ইসলামের কণ্ঠ থেমে যায়। এতে সন্দেহ হলে স্থানীয় মুসল্লিরা ভেতরে গিয়ে তাঁকে মেঝেতে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন। দুর্বৃত্তরা পেছন থেকে ধারালো ছুরি দিয়ে তাঁর পিঠসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে পালিয়ে যায়। পরে স্থানীয়দের সহায়তায় পরিবারের সদস্যরা তাঁকে উদ্ধার করে প্রথমে নাটোর জেনারেল হাসপাতালে নিয়ে যান।


হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক জানান, আহত ব্যক্তির শরীরে ধারালো অস্ত্রের একাধিক আঘাত রয়েছে এবং প্রচুর রক্তক্ষরণ হয়েছে। প্রাথমিক চিকিৎসা দিয়ে তাঁকে আশঙ্কাজনক অবস্থায় রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়।


ঘটনার সত্যতা নিশ্চিত করে নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনোয়ার জাহান জানান, খবর পেয়ে ভোরেই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। পরিবারের সদস্যরা চিকিৎসার কাজে ব্যস্ত থাকায় এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। স্থানীয়রাও হামলাকারীকে শনাক্ত করতে পারেননি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ থেকে আরও পড়ুন

0 Comments

No comments yet. Be the first to share your thoughts!

Leave a Comment

Moderated — may take a moment.