পদ্মা ট্রিবিউন | বাংলা নিউজ পেপার
বাংলাদেশ রাজনীতি বিশ্ব বাণিজ্য মতামত খেলা বিনোদন চাকরি জীবনযাপন ভিডিও

রূপপুরের বিদ্যুৎ গ্রিডে সরবরাহের পরীক্ষা আজ, কী করা হবে

এ সময় রূপপুর বিদ্যুৎকেন্দ্রের শীর্ষ কর্মকর্তাদের পাশাপাশি বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি) ও পাওয়ার গ্রিড কোম্পানি পিজিসিবির দায়িত্বশীল কর্মকর্তারা উপস্থিত থাকবেন।

নিজস্ব প্রতিবেদক ঢাকা
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র | ফাইল ছবি

পাবনার রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র থেকে জাতীয় গ্রিডে প্রথমবারের মতো বিদ্যুৎ সরবরাহ শুরু হতে পারে মঙ্গলবার। তবে এটি মূলত পরীক্ষা-নিরীক্ষার জন্য। এর মাধ্যমে ‘গ্রিডের সঙ্গে সমন্বয়’ করা হবে। অর্থাৎ বিদ্যুৎ উৎপাদন ও সরবরাহ, ভোল্টেজ এবং কম্পাঙ্ক যাচাই করে গ্রিডের সক্ষমতা বোঝা হবে। একই সঙ্গে পারমাণবিক চুল্লিপাত্র, টারবাইনসহ অন্যান্য যন্ত্রপাতিও পরীক্ষা করা হবে।


রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র সূত্র বলছে, গ্রিডে বিদ্যুৎ সরবরাহ শুরুর সময় বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম উপস্থিত থাকতে পারেন। মঙ্গলবার বিকেলে এ কার্যক্রম শুরু করার কথা। এ সময় রূপপুর বিদ্যুৎকেন্দ্রের শীর্ষ কর্মকর্তাদের পাশাপাশি বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি) ও পাওয়ার গ্রিড কোম্পানি পিজিসিবির দায়িত্বশীল কর্মকর্তারা উপস্থিত থাকবেন।


দেশের বিদ্যুৎ সঞ্চালন গ্রিড চলে প্রচলিত পদ্ধতিতে, চাহিদা অনুমান করে। এটি বুদ্ধিমান গ্রিড নয়। তাই পারমাণবিক বিদ্যুৎ সরবরাহে ঝুঁকি থেকে যায়। এ কারণে গ্রিডে বিদ্যুৎ সরবরাহের পরীক্ষা-নিরীক্ষা কয়েক দফা চলতে পারে। পরীক্ষার সময় ২৪০ থেকে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ গ্রিডে সরবরাহ করা হতে পারে। এরপর উৎপাদন বন্ধ করে পরীক্ষার প্রতিবেদন পাঠানো হবে বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (বায়েরা) কাছে। পিডিবি ও পিজিসিবির উপস্থিতিতে গ্রিডে বিদ্যুৎ সরবরাহ শুরু করতে বায়েরা নির্দেশনা দিয়েছে। সরবরাহের ফলাফল বায়েরা অনুমোদন দিলে পরবর্তী ধাপে যাবে রূপপুর। এরপর পরীক্ষামূলকভাবে বিদ্যুৎ সরবরাহ চলতে থাকবে। বিদ্যুৎকেন্দ্রের সঙ্গে পিডিবির বিদ্যুৎ ক্রয় চুক্তির পর শুরু হবে বাণিজ্যিকভাবে বিদ্যুৎ সরবরাহ।


রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র সূত্র বলছে, পারমাণবিক বিক্রিয়ার মাধ্যমে শক্তি উৎপাদনের প্রক্রিয়া সেপ্টেম্বরে শুরুর পরিকল্পনা ছিল। নিরাপত্তা কপাটের পরীক্ষায় ত্রুটি ধরা পড়লে এ কার্যক্রম পিছিয়ে যায়। এরপর ত্রুটি সারিয়ে বায়েরার অনুমতি নিয়ে গত ১১ অক্টোবর পারমাণবিক বিক্রিয়া শুরু করা হয়। ২৯ অক্টোবর ভৌত পরীক্ষার ফল বায়েরার অনুমোদন পায়। এখন পরের ধাপে (সি ধাপে) যাচ্ছে রূপপুর। জাতীয় গ্রিডে প্রথমবারের মতো সীমিত পরিসরে বিদ্যুৎ সরবরাহের পর্যায়ে প্রবেশ করতে যাচ্ছে বিদ্যুৎকেন্দ্রটি। এ দফায় সফল হলে ডি ধাপ বা পরের ধাপে যাবে কেন্দ্রটি; এটি চূড়ান্ত ধাপ।


দেশের ইতিহাসে সবচেয়ে বড় একক প্রকল্প রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র। প্রকল্পটি বাস্তবায়ন করছে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের আওতাধীন পরমাণু শক্তি কমিশন। কমিশনের অধীনে পরিচালনার কাজটি করছে নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট কোম্পানি বাংলাদেশ লিমিটেড (এনপিসিবিএল) নামের সরকারি কোম্পানি। রূপপুরে ১ হাজার ২০০ মেগাওয়াটের দুটি ইউনিট নির্মাণ করছে রাশিয়ার ঠিকাদারি প্রতিষ্ঠান অ্যাটমস্ট্রয়এক্সপোর্ট।


বিদ্যুৎকেন্দ্র-সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, রূপপুরে প্রতিটি ধাপে সর্বোচ্চ নিরাপত্তার মান, অনুমোদিত পদ্ধতি এবং নিয়ন্ত্রক বিধিবিধান অনুসরণ করা হবে। পারমাণবিক জ্বালানির বিক্রিয়ার মধ্য দিয়ে তাপশক্তি উৎপাদন শুরু হয়। এ তাপ দিয়ে বাষ্প তৈরি করে টারবাইন ঘোরানো হয়, উৎপাদিত হয় বিদ্যুৎ। চুল্লিপাত্রে শক্তি উৎপাদন শুরুর পর উৎপাদনক্ষমতা ধাপে ধাপে বেড়ে ৩০ শতাংশে উন্নীত হলেই জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ করা সম্ভব হবে। ইতিমধ্যে সেই পর্যায়ে পৌঁছে গেছে রূপপুর।


বিদ্যুৎকেন্দ্রের কর্মকর্তারা বলছেন, সরবরাহ শুরুর পর টানা কয়েক মাস চলতে পারে পরীক্ষামূলক উৎপাদন। তবে গ্রিডে বিদ্যুৎ সরবরাহ শুরু হলেই পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনকারী দেশের তালিকায় বিশ্বের ৩৩তম দেশ হবে বাংলাদেশ। এর আগে ২০২৩ সালের অক্টোবরে প্রকল্প এলাকায় পারমাণবিক জ্বালানি আসার পরই পারমাণবিক স্থাপনা হিসেবে স্বীকৃতি পায় রূপপুর বিদ্যুৎকেন্দ্র। জ্বালানি বুঝে নেওয়ার সঙ্গে সঙ্গেই পারমাণবিক শক্তির অধিকারী দেশের তালিকায় নাম ওঠে বাংলাদেশের।


২০২৫ সালের ডিসেম্বর পর্যন্ত ছিল রূপপুর প্রকল্পের মেয়াদ। দুই দফায় মেয়াদ বাড়িয়ে ২০২৮ সালের জুন পর্যন্ত করা হয়েছে প্রকল্পের মেয়াদ। ঠিকাদারের সঙ্গে চুক্তি অনুসারে মেয়াদ বাড়লেও প্রকল্পের খরচ বাড়ানোর সুযোগ নেই। কিন্তু ডলারের দাম বাড়ায় প্রকল্পের খরচ বেড়েছে ২৬ হাজার কোটি টাকা। রূপপুর বিদ্যুৎকেন্দ্রে মোট ১ লাখ ৩৮ হাজার ৬৮৬ কোটি টাকা খরচ হবে।


ঢাকা বিশ্ববিদ্যালয়ের নিউক্লিয়ার ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক শফিকুল ইসলাম বলেন, গ্রিডের সঙ্গে সমন্বয় করা খুবই গুরুত্বপূর্ণ ধাপ। বুদ্ধিমান গ্রিড হলে এত ঝুঁকি থাকত না। খুব নিবিড়ভাবে পরীক্ষা করতে হবে। সবকিছু ঠিকঠাক থাকলে এটি দুই দিনে শেষ হতে পারে। কোনো ত্রুটি দেখা দিলে আবার একইভাবে পরীক্ষা করতে হবে। ভবিষ্যতের যেকোনো বিপর্যয় এড়াতে গুণগত মানের ক্ষেত্রে ছাড় দেওয়া যাবে না।

বাংলাদেশ থেকে আরও পড়ুন

0 Comments

No comments yet. Be the first to share your thoughts!

Leave a Comment

Moderated — may take a moment.