ঈশ্বরদীতে দেশের প্রথম মেডিকেল গ্যাস পাইপলাইন সরঞ্জাম কারখানার উদ্বোধন
দেশের স্বাস্থ্য খাতে আমদানিনির্ভরতা কাটিয়ে চিকিৎসা প্রযুক্তিতে স্বনির্ভরতা অর্জনের লক্ষ্যে পাবনার ঈশ্বরদীতে যাত্রা শুরু করল দেশের প্রথম মেডিকেল গ্যাস পাইপলাইন সরঞ্জাম সংযোজন কারখানা। তুরস্কভিত্তিক প্রতিষ্ঠান ‘মেগাসান’ ও ‘মেগাসান বাংলাদেশ’-এর যৌথ উদ্যোগে উপজেলার অরণকোলা এলাকায় ‘মেগাসান মেডিকেল ইন্ডাস্ট্রিজ বাংলাদেশ লিমিটেড’ নামের এই আধুনিক শিল্পপ্রতিষ্ঠানটি গড়ে তোলা হয়েছে।
শনিবার দুপুরে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে ভার্চ্যুয়ালি প্রধান অতিথি হিসেবে যুক্ত ছিলেন স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। তিনি বলেন, দেশে আন্তর্জাতিক মানের চিকিৎসা সরঞ্জাম উৎপাদন শুরু হলে আমদানিনির্ভরতা কমবে, সাশ্রয় হবে বিপুল বৈদেশিক মুদ্রা। এর ফলে আমাদের স্বাস্থ্যসেবা খাত আরও আধুনিক ও শক্তিশালী হয়ে উঠবে।
স্মারক ফলক উন্মোচনের মাধ্যমে প্রতিষ্ঠানটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুল। পরে তিনি মেগাসান তুরস্কের ভাইস চেয়ারম্যান হায়রেত্তিন সিলেকতিনের সঙ্গে যৌথভাবে অত্যাধুনিক চিকিৎসা সরঞ্জামের প্রদর্শনীর উদ্বোধন করেন। অনুষ্ঠানে বিএনপির পাবনা জেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব এবং স্বাধীনতা পুরস্কারপ্রাপ্ত চিকিৎসক অধ্যাপক ডা. কামরুল ইসলাম যৌথভাবে কারখানাটির ইকুইপমেন্ট টেস্টিং ল্যাব উদ্বোধন করেন।
মেগাসান মেডিকেল ইন্ডাস্ট্রিজ বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী মো. নাজমুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন মেগাসান বাংলাদেশের নির্বাহী পরিচালক ওয়াহিদুল হাসান টপি।
উপদেষ্টা ববি সরদারের সঞ্চালনায় দুই দেশের জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। এরপর প্রয়াত চিকিৎসকদের স্মরণে এক মিনিট নীরবতা পালন এবং একটি প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়। অনুষ্ঠানে পবিত্র কোরআন তেলাওয়াত করেন ঈশ্বরদী কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম মাওলানা মো. ওলিউল্লাহ।
উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ সুগারক্রপ গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক ড. কবির উদ্দিন আহমেদ, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) ইয়াসমিন মনিরা, পাবনা জেলা আইনজীবী সমিতির সভাপতি খন্দকার মাকসুদুর রহমান মাসুদ, ঈশ্বরদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার প্রণব কুমার, উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসান মোহাম্মদ শোয়াইব এবং মেগাসান বাংলাদেশের চেয়ারম্যান নাজিফা বিনতে হাসান।
উদ্যোক্তারা জানান, তুরস্কের বিখ্যাত চিকিৎসা সরঞ্জাম প্রস্তুতকারী প্রতিষ্ঠান মেগাসানের আন্তর্জাতিক মান ও কারিগরি সক্ষমতাকে কাজে লাগিয়ে এই কারখানা গড়ে তোলা হয়েছে। প্রকল্পটিতে প্রায় ১৫ মিলিয়ন মার্কিন ডলার (বাংলাদেশের হিসেবে ১৫০ কোটিরও বেশি টাকা) বিনিয়োগ করা হয়েছে। ২০২৯ সালের মধ্যে এই বিনিয়োগ ২৫ মিলিয়ন ডলারে উন্নীত করার পরিকল্পনা রয়েছে।
জানা গেছে, ২০০৭ সাল থেকে মেগাসানের তৈরি বিভিন্ন জীবনরক্ষাকারী সরঞ্জাম দেশের বিভিন্ন হাসপাতালে ব্যবহৃত হয়ে আসছে। ২০১৮ সালে বাংলাদেশে আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করার পর, ২০২৫ সালে ঈশ্বরদীর এই কারখানার নির্মাণকাজ শেষ হয়। এই শিল্পপ্রতিষ্ঠানে আধুনিক হাসপাতালের জন্য প্রয়োজনীয় বিভিন্ন চিকিৎসা সরঞ্জাম তৈরি ও সংযোজন করা হবে। যার মধ্যে উল্লেখযোগ্য, মেডিকেল গ্যাস সরবরাহ ও পাইপলাইন ব্যবস্থা, নিয়ন্ত্রণ ও সংযোগ ইউনিট, অক্সিজেন ও ভ্যাকুয়াম প্ল্যান্ট, বেড হেড প্যানেল ও পেন্ডেন্ট সিস্টেম ও আধুনিক সতর্কীকরণ ও পর্যবেক্ষণ ব্যবস্থা।
সংশ্লিষ্ট ব্যক্তিরা মনে করছেন, দেশে এসব উচ্চপ্রযুক্তির সরঞ্জাম উৎপাদন শুরু হলে হাসপাতালগুলো দ্রুত কারিগরি সহায়তা ও রক্ষণাবেক্ষণ সুবিধা পাবে। এতে চিকিৎসাসেবার মান বাড়ার পাশাপাশি দেশের অর্থনৈতিক সাশ্রয় হবে।
প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী মো. নাজমুল হাসান বলেন, চিকিৎসা সরঞ্জামের সঙ্গে মানুষের জীবন ও নিরাপত্তা সরাসরি জড়িত। তাই আন্তর্জাতিক মান বজায় রেখে সর্বোচ্চ গুণগত মান নিশ্চিত করাকে আমরা অগ্রাধিকার দিচ্ছি। দেশীয় প্রকৌশলীদের দক্ষতা বাড়াতে তুরস্কে উন্নত প্রশিক্ষণের ব্যবস্থাও করা হবে। স্থানীয়ভাবে অধিকাংশ যন্ত্রাংশ উৎপাদনের মাধ্যমে ভবিষ্যতে 'মেড ইন বাংলাদেশ' পরিচয়ে বৈশ্বিক বাজারে চিকিৎসা প্রযুক্তিপণ্য রপ্তানি করাই এই প্রতিষ্ঠানের মূল লক্ষ্য বলে জানান তিনি
How did this article make you feel?
Related Articles
ঈশ্বরদীতে সাবেক নারী কাউন্সিলর ও তাঁর ছেলেকে কুপিয়ে জখম
Jul 02, 2026
3 shared tags
ঈশ্বরদী জংশন রেলওয়ে স্টেশনকে ঘিরে গ্রামেগঞ্জে মাদকের বিস্তার
Jul 01, 2026
3 shared tags
ঈশ্বরদীতে শিক্ষকের বিদায় অনুষ্ঠান ভাঙচুর করে পণ্ড করল বিএনপির এক পক্ষ
Jun 30, 2026 · 1 min
3 shared tags
ঈশ্বরদীতে রূপপুর প্রকল্পের রুশ নাগরিকের ইসলাম ধর্ম গ্রহণ
Jun 20, 2026 · 1 min
3 shared tags