নাটোরে গ্রামীণ ব্যাংকে পেট্রল বোমা নিক্ষেপের অভিযোগ
শাখা ব্যবস্থাপক মো. শফিউল হাসান ও বাগাতিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সুমন চন্দ্র দাস বিষয়টি নিশ্চিত করেছেন।
নাটোরের বাগাতিপাড়ায় গ্রামীণ ব্যাংকের একটি শাখার প্রধান ফটকের পাশে তিনটি পেট্রলবোমাসদৃশ বস্তু ছুড়েছে দুর্বৃত্তরা। গতকাল সোমবার গভীর রাতে মোটরসাইকেলে এসে তারা এ ঘটনা ঘটিয়ে পালিয়ে যায়। এতে কেউ হতাহত হননি। ব্যাংকেরও কোনো ক্ষয়ক্ষতি হয়নি।
বাগাতিপাড়ার বাঁশবাড়িয়া এলাকার গ্রামীণ ব্যাংক শাখা কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে। শাখা ব্যবস্থাপক মো. শফিউল হাসান ও বাগাতিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সুমন চন্দ্র দাস বিষয়টি নিশ্চিত করেছেন।
ব্যাংক সূত্রে জানা গেছে, গতকাল দিবাগত রাত ২টা ২৫ মিনিটের দিকে একটি মোটরসাইকেলে তিনজন ব্যাংকের প্রধান ফটকের সামনে আসেন। তাঁরা পরপর তিনটি পেট্রলবোমাসদৃশ বস্তু ফটকের দিকে ছুড়ে দ্রুত পালিয়ে যান।
মোটরসাইকেলের শব্দ শুনে ব্যাংক ভবনের পাশের ঘরে থাকা নৈশপ্রহরীসহ অন্য কর্মচারীরা বেরিয়ে আসেন। তাঁরা দেখেন, প্রধান ফটক ও ভবনের মাঝখানে একটি প্লাস্টিকের বোতলের মুখে থাকা কাপড়ে আগুন জ্বলছে। পাশে আরও দুটি কাচের বোতল পড়ে ছিল। ব্যাংকের কর্মচারীরা নিজেরাই আগুন নিভিয়ে পুলিশকে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে আলামত জব্দ করে এবং কর্মচারীদের জিজ্ঞাসাবাদ করে।
শাখা ব্যবস্থাপক শফিউল হাসান বলেন, ব্যাংকের পাশের ঘরে রাতে তিনজন কর্মচারী থাকেন। গভীর রাতে মোটরসাইকেলের শব্দে তাঁরা ঘুম থেকে জেগে ওঠেন। এর মধ্যেই বিকট শব্দ হয় এবং কাপড়জাতীয় কিছুতে আগুন জ্বলতে থাকে। তিনি জানান, বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। তাঁদের নির্দেশনা অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।
ওসি সুমন চন্দ্র দাস বলেন, আতঙ্ক সৃষ্টির উদ্দেশ্যে কেউ ঘটনাটি ঘটিয়ে থাকতে পারে। আলামত জব্দ করা হয়েছে। পরীক্ষার পর বোঝা যাবে, সেগুলো পেট্রলবোমা ছিল কি না। ব্যাংকের পক্ষ থেকে লিখিত কোনো অভিযোগ করা হয়নি। অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। মঙ্গলবার দুপুর পর্যন্ত এ ঘটনায় কোনো মামলা হয়নি।