পদ্মা ট্রিবিউন | বাংলা নিউজ পেপার
বাংলাদেশ রাজনীতি বিশ্ব বাণিজ্য মতামত খেলা বিনোদন চাকরি জীবনযাপন ভিডিও

আইনশৃঙ্খলা রক্ষায় ঢাকাসহ সাত জেলায় মোতায়েন ৯৬ প্লাটুন বিজিবি

সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়

নিজস্ব প্রতিবেদক ঢাকা
বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা
বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা | ফাইল ছবি

দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও জননিরাপত্তা নিশ্চিত করতে সাত জেলায় ৯৬ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে।


বৃহস্পতিবার যেসব জেলায় বিজিবির সদস্যদের মোতায়েন করা হয়েছে, সেগুলো হলো ঢাকা, গোপালগঞ্জ, নারায়ণগঞ্জ, গাজীপুর, ফরিদপুর, ময়মনসিংহ ও চট্টগ্রাম। এ ছাড়া আরও পাঁচ প্লাটুন বিজিবি সদস্য মোতায়েনের জন্য প্রস্তুত রাখা হয়েছে।


বিজিবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, ঢাকা জেলায় ২৩ প্লাটুন, চট্টগ্রামে ১৫, নারায়ণগঞ্জে ৬, গাজীপুরে ১৫, গোপালগঞ্জে ২৭, ময়মনসিংহে ২ ও ফরিদপুরে ৩ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।


স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশে মোতায়েন করা বিজিবি সদস্যরা সংশ্লিষ্ট জেলা প্রশাসনসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী অন্যান্য বাহিনীর সঙ্গে সমন্বয় করে দায়িত্ব পালন করছেন বলে সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।


বিজিবি বলছে, সংশ্লিষ্ট জেলাগুলোর গুরুত্বপূর্ণ স্থাপনা, শিল্পাঞ্চলসহ বিভিন্ন স্থানে নিরাপত্তা ও নজরদারি জোরদার করা হয়েছে। পাশাপাশি বিশৃঙ্খলা, সহিংসতা ও জননিরাপত্তার জন্য হুমকিস্বরূপ যেকোনো কর্মকাণ্ড প্রতিরোধে কাজ করছেন বিজিবির সদস্যরা।


সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, মাঠপর্যায়ের পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ ও সমন্বয়ের জন্য বিজিবি সদর দপ্তরের নজরদারি কেন্দ্র থেকে প্রযুক্তিনির্ভর পর্যবেক্ষণ অব্যাহত রয়েছে। এ জন্য আকাশে ওড়ানো যন্ত্র, শরীরে বহনযোগ্য ক্যামেরা ও তাৎক্ষণিকভাবে তৈরি যন্ত্রের মাধ্যমে পাওয়া সরাসরি ভিডিও চিত্র সার্বক্ষণিক পর্যবেক্ষণ করা হচ্ছে।


বিজিবি জানিয়েছে, সীমান্তে নিয়মিত দায়িত্ব পালনের পাশাপাশি সংশ্লিষ্ট জেলাগুলোতেও সর্বোচ্চ পেশাদারত্ব, শৃঙ্খলা ও ধৈর্যের সঙ্গে দায়িত্ব পালন করছে তারা।


সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা, স্বাভাবিক চলাচল ও দৈনন্দিন কার্যক্রম নির্বিঘ্ন রাখা এবং যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় প্রয়োজনীয় সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছে বিজিবি।

বাংলাদেশ থেকে আরও পড়ুন

0 Comments

No comments yet. Be the first to share your thoughts!

Leave a Comment

Moderated — may take a moment.