চাঁদপুরে গণ-অভ্যুত্থানের তিন মামলায় গ্রেপ্তার দেখানো হলো দীপু মনিকে
![]() |
| দীপু মনি | গ্রাফিক্স: পদ্মা ট্রিবিউন |
চাঁদপুরে চব্বিশের ছাত্র-জনতার আন্দোলনের সময় হামলা এবং বিএনপি নেতার বাসায় হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগে দায়ের করা তিনটি পৃথক মামলায় সাবেক মন্ত্রী দীপু মনিকে গ্রেপ্তার দেখানো হয়েছে। চাঁদপুরের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আবদুল মান্নান এ বিষয়ে নির্দেশ দিয়েছেন।
আদালত সূত্রে জানা যায়, দীপু মনি বর্তমানে মুন্সিগঞ্জ জেলা কারাগারে রয়েছেন। ভার্চ্যুয়াল যুক্ত হয়ে তিনি আদালতে হাজিরা দেন। ওই তিন মামলায় তাঁর পক্ষে কোনো আইনজীবী ছিলেন না। দীপু মনি নিজেই অভিযোগের বিষয়ে বক্তব্য দেন এবং দাবি করেন, তিনি এই সব ঘটনায় জড়িত ছিলেন না।
তিন মামলার তদন্তকারী কর্মকর্তা হলেন চাঁদপুর সদর মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মিন্টু দত্ত, উপপরিদর্শক নাদির শাহ্ ও উপপরিদর্শক নুরে আলম। তারা আদালতে দীপু মনিকে গ্রেপ্তার দেখানোর আবেদন করেন এবং বিচারক এটি মঞ্জুর করেন।
মামলার (জিআর ৫৭৯) তদন্তকারী নাদির শাহ্ বলেন, জেলা বিএনপির সভাপতি (বর্তমানে সংসদ সদস্য) শেখ ফরিদ আহমেদের বাসায় ২০২৪ সালের ১৮ জুলাই ও ৪ আগস্ট দুইবার ভাঙচুর, আগুন ও লুটপাট করা হয়। এই ঘটনায় দায়ের করা মামলায় ১ নম্বর আসামি দীপু মনি। তাঁর নির্দেশে অন্য আসামিরা ঘটনাটি ঘটান। এই মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে।
আরেক মামলার (জিআর ৫৭১) তদন্তকারী মিন্টু দত্ত বলেন, ২০২৪ সালের ৪ আগস্ট চাঁদপুর শহরের বাসস্ট্যান্ড এলাকায় ১ নম্বর আসামি দীপু মনির ইন্ধনে অন্যরা ছাত্র-জনতার ওপর হামলা চালান। এই মামলায়ও তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে।
অন্য একটি মামলার (জিআর ৫৮৫) তদন্তকারী নুরে আলম জানান, ২০২৪ সালের ৪ আগস্ট ১ নম্বর আসামি দীপু মনির নির্দেশে শহরের পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় ছাত্র-জনতার আন্দোলনের সময় সড়ক ও ভবনের গাড়িতে আগুন লাগানো হয়। এই মামলায়ও দীপু মনিকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

Comments
Comments