[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

মেসিদের জয় কেড়ে নিল শেষ মুহূর্তের গোল

প্রকাশঃ
অ+ অ-
আজও জয় নিয়ে মাঠ ছাড়তে পারেনি লিওনেল মেসির ইন্টার মায়ামি | ছবি: সংগৃহীত

ইন্টার মায়ামির কী হলো! নিজেদের সবশেষ দুই ম্যাচেই ড্র করেছে তারা। শুধু তা-ই নয়, দুটি ম্যাচের ফলাফলও হুবহু এক। রোববার ম্যাচ শেষ হওয়ার মাত্র ১২ মিনিট আগে গোল হজম করায় জয় নিয়ে মাঠ ছাড়তে পারেননি লিওনেল মেসি ও রদ্রিগো দি পলরা।

সবশেষ ইন্টার মায়ামি জয়ের দেখা পেয়েছিল ২২ মার্চ। যুক্তরাষ্ট্রের প্রধান ফুটবল লিগের সেই ম্যাচে নিউইয়র্ক সিটিকে ৩-২ গোলে হারিয়েছিল তারা। এরপর এই আসরে অস্টিন ও নিউইয়র্ক রেডবুলসের বিপক্ষে টানা দুই ম্যাচে ড্র করল মেসির দল। অস্টিন ও নিউইয়র্ক রেডবুলস—উভয় দলের বিপক্ষে ইন্টার মায়ামির ম্যাচ দুটি শেষ হয়েছে ২-২ ব্যবধানে।

ফ্লোরিডার ন্যু স্টেডিয়ামে নিউইয়র্ক রেডবুলসের বিপক্ষে দাপট নিয়েই খেলেছে ইন্টার মায়ামি। ৬০ শতাংশ সময় বল নিজেদের দখলে রেখে প্রতিপক্ষের গোলপোস্ট বরাবর ৫টি শট নেয় মায়ামি। অন্যদিকে, রেডবুলসের দখলে বল ছিল ৪০ শতাংশ সময়। ইন্টার মায়ামির গোলপোস্ট বরাবর মাত্র দুটি শট নিয়েই দুটিতে গোল আদায় করে নিয়েছে রেডবুলস।

ম্যাচের শুরু থেকেই নিউইয়র্ক রেডবুলসের রক্ষণভাগে একের পর এক আক্রমণ চালিয়েও গোলের দেখা পাচ্ছিল না ইন্টার মায়ামি। মায়ামি যেখানে ব্যর্থ হচ্ছিল, রেডবুলস সেখানে দ্রুতই গোল আদায় করে নেয়। ১৫ মিনিটে হুলিয়ান হলের বাড়ানো বল ধরে ডান পায়ের শটে গোল করেন হোর্হে রুকালবা।

তবে প্রথমার্ধ শেষ হওয়ার আগেই সমতায় ফেরে ইন্টার মায়ামি। বিরতিতে যাওয়ার ঠিক আগে রদ্রিগো দি পলের বাড়ানো বল থেকে ডান পায়ের শটে লক্ষ্যভেদ করেন মাতেও সিলভেত্তি। দ্বিতীয়ার্ধ শুরুর পর দ্রুতই ব্যবধান বাড়িয়ে নেয় মায়ামি। ৫৫ মিনিটে ডান পায়ের শটে গোল করে দলকে এগিয়ে দেন হার্মান বারতারামি।

কিন্তু ম্যাচের শেষ দিকে এসে ইন্টার মায়ামির কাছ থেকে জয় ছিনিয়ে নেয় নিউইয়র্ক রেডবুলস। ৭৮ মিনিটে সমতাসূচক গোলটি করেন রেডবুলস মিডফিল্ডার আদ্রি মেহমেতি। তাঁকে গোল করতে সহায়তা করেন হুলিয়ান হল।

এই ম্যাচ জিতলে পয়েন্ট তালিকার সেরা দুইয়ে আসার সুযোগ ছিল ইন্টার মায়ামির। কিন্তু ২-২ গোলে ড্র হওয়ায় তারা এখন ইস্টার্ন কনফারেন্সের পয়েন্ট তালিকার তিনে অবস্থান করছে। ৭ ম্যাচ খেলে তিনটিতে জয়, তিনটিতে ড্র এবং এক ম্যাচে হেরেছে তারা। বর্তমানে তাদের পয়েন্ট ১২। সবার ওপরে থাকা ন্যাশভিলের পয়েন্ট ১৬ এবং ১৩ পয়েন্ট নিয়ে দুইয়ে আছে শিকাগো। প্রত্যেকেই সমান সাতটি করে ম্যাচ খেলেছে। 

Fetching live reactions...
Was this article helpful?

Comments

Comments

Loading comments…
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন