বাউফলে চাঁদার দাবিতে কৃষককে মারধর, গণপিটুনিতে একজনের মৃত্যু
![]() |
| পিটুনিতে নিহত উজ্জল কর্মকারের স্বজনদের আহাজারি। মঙ্গলবার রাতে পটুয়াখালীর বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে | ছবি: পদ্মা ট্রিবিউন |
পটুয়াখালীর বাউফলে চাঁদার দাবি নিয়ে এক কৃষককে মারধরের ঘটনায় তিনজনকে আটক করে স্থানীয়রা পিটিয়ে পুলিশে সোপর্দ করেছে। পরে তাদের হাসপাতালে নেওয়ার পথে একজনের মৃত্যু হয়। ঘটনা ঘটেছে মঙ্গলবার দুপুরে বাউফলের নদীবেষ্টিত চরওয়াডেল গ্রামে।
আহত কৃষকের নাম মো. ফিরোজ গাজী (৪০)। তিনি বাউফলের চন্দ্রদ্বীপ ইউনিয়নের চরওয়াডেল গ্রামের বাসিন্দা। সন্ধ্যা পৌনে ছয়টার দিকে তাকে উদ্ধার করে বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। প্রাথমিক চিকিৎসা শেষে তাকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় পিটুনিতে নিহত হন উজ্জল কর্মকার (৪০), তিনি কালাইয়া গ্রামের বাসিন্দা।
স্থানীয়রা ও আহত কৃষকের স্বজনেরা জানান, ফিরোজ তরমুজ চাষ করেন। কয়েকদিন ধরে তার কাছে দুই লাখ টাকা চাঁদা দাবি করছিলেন উপজেলার বড় ডালিমা গ্রামের মিজানুর রহমান (৪৫)। মঙ্গলবার দুপুরে ফিরোজ তরমুজ তার খেত থেকে ট্রলারে তুলছিলেন। বেলা তিনটার দিকে মিজানুরের নেতৃত্বে ৮-১০ জন রামদা ও লাঠিসোঁটা নিয়ে এসে তরমুজ তুলতে বাধা দেন। মিজানুরের দাবি, ওই জমি তার। তিনি ফিরোজকে জানান, দুই লাখ টাকা না দিলে তরমুজ তোলা যাবে না।
ফিরোজ টাকা দিতে অস্বীকৃতি জানালে তাকে এলোপাতাড়ি পিটিয়ে ও কুপিয়ে জখম করা হয়। ফিরোজের চিৎকারে স্থানীয়রা মিজানুর ও তার লোকজনকে ধাওয়া দেন। তাদের মধ্যে মিজানুর, উজ্জল ও শামীমকে আটক করে পিটুনি দিয়ে চন্দ্রদ্বীপের অস্থায়ী পুলিশ ক্যাম্পে সোপর্দ করা হয়। পরে তাদের ট্রলারে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে উজ্জলের মৃত্যু হয়। মিজানুর সেখানে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন, আর শামীমকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসা কর্মকর্তা নাঈম শাকির জানিয়েছেন, হাসপাতালে নিয়ে আসার আগেই উজ্জলের মৃত্যু হয়েছে।
মিজানুর রহমান বলেন, চাঁদা দাবির অভিযোগ সত্য নয়। জমি তার এবং ফিরোজ ও তার লোকজন তাদের ওপর হামলা করে পিটিয়ে ও কুপিয়ে গুরুতর জখম করেছে এবং উজ্জলকে হত্যা করেছে।
বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সিরাজুল ইসলাম বলেন, কৃষককে মারধরের ঘটনাকে কেন্দ্র করে এই ঘটনা ঘটেছে। নিহতের লাশ উদ্ধার করা হয়েছে এবং প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।

Comments
Comments