[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

সংসদে এবার জুলাই সনদ নিয়ে মুলতবি প্রস্তাব দিল সরকারি দল

প্রকাশঃ
অ+ অ-
স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ | ফাইল ছবি 

জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের পদ্ধতি কী হবে, তা নিয়ে আলোচনার জন্য জাতীয় সংসদে মুলতবি প্রস্তাব এনেছেন সরকারি দলের সংসদ সদস্য জয়নুল আবদিন ফারুক। বুধবার তাঁর এই প্রস্তাব গ্রহণ করেছেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। প্রস্তাবটির ওপর ৫ এপ্রিল দুই ঘণ্টা আলোচনা হবে।

প্রস্তাবটি গ্রহণের কথা জানিয়ে স্পিকার সংসদে বলেন, দেশের সংসদীয় ইতিহাসে এটি বিরল ঘটনা। দীর্ঘ ৫৩ বছরে এই প্রথম কোনো সরকারি দলের সদস্যের আনা মুলতবি প্রস্তাব আলোচনার জন্য গ্রহণ করা হয়েছে।

এর আগে ৩০ মার্চ স্বতন্ত্র সংসদ সদস্য শেখ মুজিবুর রহমান ইকবালও জুলাই জাতীয় সনদের বাস্তবায়ন নিয়ে আলোচনার জন্য একটি মুলতবি প্রস্তাব এনেছিলেন। সেটি নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি।

জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ অনুযায়ী, সংবিধানসংক্রান্ত প্রস্তাবগুলো বাস্তবায়নের একটি ধাপ ছিল গণভোট। সেখানে ‘হ্যাঁ’ ভোট জেতায় সেগুলো বাস্তবায়নের জন্য বর্তমান সংসদকে একই সঙ্গে সংবিধান সংস্কার পরিষদ হিসেবে কাজ করার কথা। কিন্তু এখনো সেই পরিষদের অধিবেশন ডাকা হয়নি। বিএনপির সংসদ সদস্যরাও সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নেননি।

সংবিধান সংস্কার পরিষদের সভা ডাকার বিষয়ে আলোচনার জন্য ২৯ মার্চ মুলতবি প্রস্তাব এনেছিলেন বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান। এ নিয়ে মঙ্গলবার সংসদে আলোচনা হলেও কোনো সিদ্ধান্ত হয়নি। এ বিষয়ে সমাধান না হওয়া এবং বিষয়টি চাপা দেওয়ার অভিযোগ তুলে বুধবার প্রতিবাদ হিসেবে ওয়াকআউট করে বিরোধী দল।

এ অবস্থায় জাতীয় সংসদে নতুন মুলতবি প্রস্তাবটি তোলেন সরকারি দলের সদস্য জয়নুল আবদিন ফারুক। তিনি বলেন, ১৭ বছরের ত্যাগ ও সংগ্রামের পর বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতৃত্বে জুলাই-আগস্ট বিপ্লবের ফল হলো ‘জুলাই জাতীয় সনদ’। এটি ভবিষ্যতের দিকনির্দেশনা। এই সনদ একটি রাজনৈতিক সমঝোতার দলিল, যেখানে সংবিধান সংশোধনসহ বিভিন্ন আইন প্রণয়ন ও পরিবর্তনের নির্দিষ্ট প্রস্তাব রয়েছে। ‘জুলাই জাতীয় সনদ ২০২৫’ কীভাবে বাস্তবায়ন হবে, তা নিয়ে সংসদের নিয়মিত কার্যক্রম স্থগিত রেখে বিস্তারিত আলোচনা জরুরি।

স্পিকার প্রস্তাবটি গ্রহণ করে বলেন, এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। কার্যপ্রণালি বিধির ৬৫ (২) অনুযায়ী তিনি এ বিষয়ে আলোচনার অনুমতি দিচ্ছেন। সংসদের বর্তমান কার্যক্রম বিবেচনায় ৫ এপ্রিল রোববার দিনের শেষ বিষয় হিসেবে এই প্রস্তাবের ওপর সর্বোচ্চ দুই ঘণ্টা আলোচনা হবে।

Fetching live reactions...
Was this article helpful?

Comments

Comments

Loading comments…
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন