কারামুক্ত হলেন বাউলশিল্পী আবুল সরকার
![]() |
| কারাগার থেকে বের হচ্ছেন বাউলশিল্পী আবুল সরকার। সোমবার বেলা সোয়া ১১টার দিকে গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগারের পার্ট ২ ফটকে | ছবি: পদ্মা ট্রিবিউন |
জামিনে কারামুক্ত হয়েছেন বাউলশিল্পী আবুল সরকার। সোমবার বেলা সোয়া ১১টার দিকে গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ থেকে তিনি মুক্তি পান। ধর্ম অবমাননা ও কটূক্তির অভিযোগে করা মামলায় তাঁকে গ্রেপ্তার করা হয়েছিল।
আবুল সরকারের মুক্তির বিষয়টি নিশ্চিত করেছেন কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২-এর জেল সুপার হালিমা খাতুন। এর আগে ৫ এপ্রিল উচ্চ আদালত থেকে এই বাউলশিল্পীকে ছয় মাসের অন্তর্বর্তীকালীন জামিন দেওয়া হয়।
কারা কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, আবুল সরকারের জামিনের কাগজ রোববার কাশিমপুর কারাগারে পৌঁছায়। সেই কাগজ যাচাই-বাছাই শেষে বেলা সোয়া ১১টার দিকে তাঁকে মুক্তি দেওয়া হয়েছে। এ সময় কারাগারের ফটকে তাঁর স্বজন ও ভক্তরা উপস্থিত ছিলেন।
গত ৪ নভেম্বর মানিকগঞ্জের ঘিওর উপজেলার জাবরা এলাকায় খালা পাগলীর মেলায় পালাগানের আসরে বাউলশিল্পী আবুল সরকার ধর্ম অবমাননা ও আপত্তিকর মন্তব্য করেন বলে অভিযোগ ওঠে। তাঁর সেই বক্তব্যের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিভিন্ন মহলে সমালোচনা শুরু হয়।
এরপর মাদারীপুরে একটি গানের আসর থেকে ১৯ নভেম্বর রাতে আবুল সরকারকে আটক করে মানিকগঞ্জ জেলা গোয়েন্দা পুলিশের একটি দল। পরদিন সকালে তাঁকে জেলা গোয়েন্দা কার্যালয়ে আনা হয়। সেদিন ঘিওর বন্দর মসজিদের ইমাম মুফতি মো. আবদুল্লাহ বাদী হয়ে আবুল সরকারকে আসামি করে ঘিওর থানায় মামলা করেন। এতে ইসলাম ধর্মের বিশ্বাসের অবমাননা এবং ধর্মীয় অনুভূতিতে আঘাতের উদ্দেশ্যে কটূক্তি ও উসকানি দেওয়ার অভিযোগ আনা হয়। ওই মামলায় আবুল সরকারকে গ্রেপ্তার দেখিয়ে মানিকগঞ্জের জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালতের মাধ্যমে ২০ নভেম্বর কারাগারে পাঠানো হয়।

Comments
Comments