জয়দেবপুর রেলগেটে আবার উচ্ছেদ, গুঁড়িয়ে দেওয়া হলো অবৈধ স্থাপনা
![]() |
| জয়দেবপুর রেল ক্রসিংয়ে অভিযান চালিয়ে অবৈধ ব্যবসায়ীদের উচ্ছেদ করেছে গাজীপুর সিটি করপোরেশন। বুধবার বিকেলে | ছবি: পদ্মা ট্রিবিউন |
গাজীপুর মহানগরের গুরুত্বপূর্ণ জয়দেবপুর রেলগেট এলাকা আবার দখলমুক্ত করা হয়েছে। বুধবার বিকেলে গাজীপুর জেলা প্রশাসন ও সিটি করপোরেশন যৌথভাবে অভিযান চালিয়ে অবৈধ ব্যবসায়ীদের উচ্ছেদ করেছে।
এর আগে অন্তর্বর্তী সরকারের সময় থেকে একাধিকবার উচ্ছেদ অভিযান চালানো হলেও কয়েক দিনের মধ্যে এলাকা আবার দখলে চলে যেত। সর্বশেষ ৩০ মার্চ গাজীপুর সিটি করপোরেশনের প্রশাসক মো. শওকত হোসেন সরকারের নির্দেশনায় পরিচালিত উচ্ছেদ অভিযানও আংশিক শেষ হওয়ার পর মাত্র ২০ মিনিটের মধ্যে এলাকা আবার দখলে চলে যায়।
নতুন অভিযান চালিয়ে গাজীপুর সিটি করপোরেশন, জেলা প্রশাসন ও রেলওয়ের সমন্বয়ে এলাকা সম্পূর্ণভাবে দখলমুক্ত করা হয়। সরিয়ে দেওয়া হয়েছে অবৈধ দোকানপাট, হকার ও অস্থায়ী স্থাপনা।
সিটি করপোরেশনের প্রশাসক মো. শওকত হোসেন সরকার বলেন, “গাজীপুরকে পরিচ্ছন্ন, দখলমুক্ত ও বাসযোগ্য ‘গ্রিন সিটি’ হিসেবে গড়ে তোলা আমাদের লক্ষ্য। অবৈধ দখলের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করা হচ্ছে। উচ্ছেদের পর আবার দখল রোধে কঠোর নজরদারি, নিয়মিত ভ্রাম্যমাণ আদালত ও আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
তিনি আরও বলেন, “এটি এক দিনের অভিযান নয়, ধারাবাহিক প্রক্রিয়া। আমরা চাই, এই এলাকা স্থায়ীভাবে শৃঙ্খলার মধ্যে থাকুক এবং নগরবাসী নির্বিঘ্নে চলাচল করতে পারে।”
সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. সোহেল হাসান জানান, দখলমুক্ত অবস্থা স্থায়ী করতে গুরুত্বপূর্ণ স্থানে নতুন করে দখল রোধের জন্য একটি বিশেষ টাস্কফোর্স গঠনের উদ্যোগ নেওয়া হচ্ছে। এটি মোবাইল ইউনিট হিসেবে অন্তত এক মাস মাঠে থাকবে এবং সার্বক্ষণিক নজরদারি করবে, যাতে কেউ নতুন করে দোকানপাট বসাতে বা এলাকা দখল করতে না পারে।
অন্যদিকে উচ্ছেদ হওয়া ভাসমান ব্যবসায়ীরা জীবিকার প্রশ্ন তুলে পুনর্বাসনের দাবি জানিয়েছেন। প্রশাসন বিষয়টি মানবিকভাবে বিবেচনা করার আশ্বাস দিয়েছে।

Comments
Comments