কুষ্টিয়ায় পীর হত্যার প্রতিবাদে ঢাবিতে ছাত্রজোটের বিক্ষোভ
![]() |
| কুষ্টিয়ায় ধর্ম অবমাননার অভিযোগ তুলে হত্যার প্রতিবাদে রাজু ভাস্কর্যের পাদদেশে সংক্ষিপ্ত সমাবেশ করেন গণতান্ত্রিক ছাত্রজোটের নেতা-কর্মীরা। ঢাকা বিশ্ববিদ্যালয়, ঢাকা। ১১ এপ্রিল ২০২৬ | ছবি: পদ্মা ট্রিবিউন |
কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার ফিলিপনগরে ধর্ম অবমাননার অভিযোগে পীরের আস্তানায় হামলা ও হত্যার প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করেছে গণতান্ত্রিক ছাত্রজোট। একই সঙ্গে তারা ধর্মের নামে উশৃঙ্খল জনতার সংঘবদ্ধ বিশৃঙ্খলা বা মব সংস্কৃতি বন্ধের দাবি জানান।
শনিবার রাত নয়টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) থেকে এই বিক্ষোভ মিছিল শুরু হয়। মিছিলটি উপাচার্য চত্বর হয়ে রাজু ভাস্কর্যে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
![]() |
| কুষ্টিয়ায় ধর্ম অবমাননার অভিযোগ তুলে হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেন গণতান্ত্রিক ছাত্রজোটের নেতা-কর্মীরা। ঢাকা বিশ্ববিদ্যালয়, ঢাকা। ১১ এপ্রিল ২০২৬ | ছবি: পদ্মা ট্রিবিউন |
সংক্ষিপ্ত সমাবেশে ছাত্র ইউনিয়ন ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি মেঘমল্লার বসু ক্ষমতাসীন বিএনপির উদ্দেশে বলেন, ‘অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে মানুষ আপনাদের ভোট দিয়ে জিতিয়েছে, দয়া করে সেই একই ধরনের সরকারের দ্বিতীয় সংস্করণ হবেন না। পাঁচ বছর থাকতে চাওয়া ইউনূসের মেয়াদকে বাংলাদেশের মানুষ যেভাবে দেড় বছরে কমিয়ে এনেছে, আপনারা যদি এ ধরনের কাজ চালিয়ে যান, তবে আপনাদের সময়ও ফুরিয়ে আসবে।’
মেঘমল্লার বসু আরও বলেন, ‘বিএনপি সরকারকে একটি কথা খুব স্পষ্ট বলে দিতে চাই, যে আগুন নিয়ে আপনারা খেলছেন, তার ফল ভালো হবে না। আপনারা যদি মনে করেন, বাংলাদেশের লিঙ্গবৈচিত্র্যের মানুষ, ভিন্ন ধর্মীয় চিন্তার মানুষ বা সাধারণ প্রান্তিক জনগণ আপনাদের শত্রু, তাহলে আপনারা বোকার স্বর্গে বাস করছেন।’
বিপ্লবী ছাত্র মৈত্রীর সাধারণ সম্পাদক জাবির আহমেদ জুবেল বলেন, ‘নির্বাচিত সরকারের প্রায় দুই মাস হতে চলল। কিন্তু দেশের বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি দেখলে মনে হয় না যে দেশে কোনো নির্বাচিত সরকার বা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আছে। অন্তর্বর্তী সরকারের সময়ে যে ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড চলছিল, এখনো ঠিক একই অবস্থা বজায় রয়েছে।’
বিএনপির উদ্দেশে এই ছাত্রনেতা আরও বলেন, সরকার জনগণের নিরাপত্তা দিচ্ছে না। বরং তারা লুটপাট ও সন্ত্রাসের পরিবেশ তৈরি করছে।
সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক মোজাম্মেল হক বলেন, দীর্ঘ আওয়ামী দুঃশাসন থেকে মুক্তির পর মানুষের প্রত্যাশা ছিল জীবনের নিরাপত্তা নিশ্চিত হবে এবং ভিন্নমতের ওপর দমন-পীড়ন বন্ধ হবে। অথচ অন্তর্বর্তী সরকার সেই আশা পূরণে ব্যর্থ হয়েছে। বিএনপি সরকারের আমলেও একই ঘটনার পুনরাবৃত্তি ঘটছে। এই পরিস্থিতির পুনরাবৃত্তি ঠেকাতে জনগণের ঐক্য গড়ে তোলা এবং তা রক্ষা করার কোনো বিকল্প নেই।


Comments
Comments