[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

সাতকানিয়ায় বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আহত ৮

প্রকাশঃ
অ+ অ-
সাতকানিয়ায় বিএনপির দুই পক্ষের সংঘর্ষে আহত একজনকে হাসপাতালে আনা হয় | ছবি: সংগৃহীত

চট্টগ্রামের সাতকানিয়ায় বিএনপির দুই পক্ষের সংঘর্ষে ধারালো অস্ত্রের আঘাতে অন্তত আটজন আহত হয়েছেন। মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১০টা থেকে ১২টার মধ্যে উপজেলার পুরানগড় ইউনিয়নের ফকিরখিল ও নতুনহাট এলাকায় দুই দফায় এ সংঘর্ষ হয়। স্থানীয়দের মতে, এলাকায় প্রভাব বিস্তারকে কেন্দ্র করে এই মারামারি হয়েছে।

আহতদের মধ্যে সাতজনের নাম জানা গেছে। তাঁরা হলেন মোহাম্মদ জসিম, মোহাম্মদ টিপু, মোহাম্মদ সাকিব, আলিম উদ্দিন, রবিউল হাসান, মো. রিফাত ও কফিল উদ্দিন। অন্য একজনের নাম জানা যায়নি। তাঁরা সবাই ইউনিয়ন বিএনপির নেতা-কর্মী। আহতদের মধ্যে পাঁচজনের অবস্থা গুরুতর হওয়ায় তাঁদের উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

স্থানীয় বিএনপির নেতা-কর্মী ও পুলিশের সঙ্গে কথা বলে জানা গেছে, এলাকায় প্রভাব বিস্তার নিয়ে স্থানীয় বিএনপির দুই পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এক পক্ষের নেতৃত্বে আছেন চট্টগ্রাম মহানগর ছাত্রদলের সাবেক সহসভাপতি কামরুল ইসলাম তালুকদার। অন্য পক্ষের নেতৃত্বে আছেন বিএনপি নেতা জসিম উদ্দিন। হামলায় তিনিও আহত হয়েছেন।

জানা গেছে, মঙ্গলবার রাতে পুরানগড় ইউনিয়নের ফকিরখিল এলাকায় সাবেক ছাত্রদল নেতা কামরুল ইসলাম তালুকদারের অনুসারী সাকিব নামের এক তরুণের মুঠোফোন কেড়ে নেওয়াকে কেন্দ্র করে একটি গ্রাম্য সালিস বসে। সেখানে কথা-কাটাকাটির এক পর্যায়ে জসিম উদ্দিনের অনুসারীরা দেশীয় ধারালো অস্ত্র নিয়ে হামলা চালান। খবর ছড়িয়ে পড়লে কামরুল ইসলামের অনুসারীরা একত্র হয়ে পাল্টা হামলা চালান।

সাবেক ছাত্রদল নেতা কামরুল ইসলাম তালুকদার বলেন, জসিম উদ্দিনের লোকজন সালিসের মধ্যে হঠাৎ হামলা চালায়। এতে এলাকায় উত্তেজনা তৈরি হয়েছে। তবে সংঘর্ষে আহত হওয়ায় জসিম উদ্দিনের বক্তব্য পাওয়া যায়নি।

সাতকানিয়া উপজেলায় বিএনপির কোনো কমিটি নেই। এ বিষয়ে জানতে উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক জামাল উদ্দিনের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, তিনি সাংগঠনিক কাজে ঢাকায় আছেন। ঘটনাটি শুনেছেন এবং ব্যবস্থা নিতে প্রশাসনকে অনুরোধ করেছেন। এলাকায় ফিরে আহত নেতা-কর্মীদের খোঁজ নেবেন।

সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মঞ্জুরুল হক বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহতরা বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। এ ঘটনায় এখনো থানায় কোনো লিখিত অভিযোগ হয়নি। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Fetching live reactions...
Was this article helpful?

Comments

Comments

Loading comments…
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন