দোকান ও শপিং মল খোলার নতুন সময় জানালেন জ্বালানি প্রতিমন্ত্রী
![]() |
| শপিং মলসহ সব ধরনের দোকানপাট সন্ধ্যা সাতটায় মধ্যে বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে সরকার | ফাইল ছবি |
দেশের সব দোকানপাট ও বিপণিবিতান সন্ধ্যা ছয়টার পরিবর্তে সাতটা পর্যন্ত খোলা রাখা যাবে। এই বিষয়ে আগের নেওয়া সিদ্ধান্ত পরিবর্তন করা হয়েছে।
বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত সচিবালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের এ তথ্য জানান।
মধ্যপ্রাচ্যে যুদ্ধের কারণে তৈরি হওয়া জ্বালানি সংকটের জেরে সন্ধ্যা ছয়টার মধ্যে দেশের সব দোকান ও বিপণিবিতান বন্ধের ঘোষণা দিয়েছিল সরকার। এই সিদ্ধান্ত কার্যকর হওয়ার কথা ছিল।
তবে ব্যবসায়িক কার্যক্রম চালানোর জন্য রাত আটটা পর্যন্ত সময় চেয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে সিদ্ধান্তটি পরিবর্তনের অনুরোধ জানিয়েছিলেন বাংলাদেশ দোকান মালিক সমিতির নেতারা। এ নিয়ে গতকাল শনিবার রাজধানীর বিদ্যুৎ ভবনে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদের সঙ্গে বৈঠক করেন তাঁরা।
ওই বৈঠকে মালিক সমিতির নেতারা জানান, প্রয়োজনে তাঁরা সকাল নয়টার বদলে বেলা ১১টায় দোকান খুলতে রাজি আছেন। তবে দোকান বন্ধের সময়সীমা সন্ধ্যা ছয়টার বদলে রাত আটটা পর্যন্ত করার দাবি জানান তাঁরা।
সাংবাদিকদের ব্রিফিংকালে জ্বালানি প্রতিমন্ত্রী বলেন, দোকান মালিক সমিতির নেতারা অন্তত সন্ধ্যা সাতটা পর্যন্ত দোকান খোলা রাখার সুযোগ দেওয়ার আবেদন করেছিলেন। যদিও মন্ত্রিসভার বৈঠকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত সময় নির্ধারণ করা হয়েছিল। পরে প্রধানমন্ত্রী মালিক সমিতির আবেদনটি গুরুত্ব দিয়ে আগের সিদ্ধান্তটি পুনরায় বিবেচনা করেন। এখন থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত দোকান খোলা রাখা যাবে।
প্রতিমন্ত্রী আরও জানান, দেশের সামগ্রিক অর্থনৈতিক অবস্থা এবং ব্যবসায়ীদের জীবন-জীবিকার কথা মাথায় রেখেই দোকানপাট খোলার সময়সীমা নতুন করে ঠিক করা হয়েছে।

Comments
Comments