[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

হাম পরিস্থিতি পর্যবেক্ষণে এমপিদের এলাকায় পাঠানোর পরামর্শ

প্রকাশঃ
অ+ অ-
জাতীয় সংসদ | ফাইল ছবি

হামের পরিস্থিতি দেখতে সংসদ সদস্যদের নিজ নিজ নির্বাচনী এলাকায় গিয়ে হাসপাতাল পরিদর্শনের জন্য বৃহস্পতিবার সংসদ ছুটি দেওয়ার পরামর্শ দিয়েছেন সরকারি দলের সংসদ সদস্য মো. মনোয়ার হোসেন।

বুধবার রাষ্ট্রপতির ভাষণের ওপর আলোচনায় অংশ নিয়ে মাগুরা–১ আসনের এই সংসদ সদস্য এ পরামর্শ দেন। তবে সংসদের অধিবেশন বসবে।

মনোয়ার হোসেন বলেন, ‘হাম এখন মহামারির মতো ছড়িয়ে পড়ছে। এ অবস্থায় বৃহস্পতিবার সংসদে ছুটি দিয়ে এমপিদের মাঠে পাঠানো যেতে পারে।’

সম্প্রতি দেশে হামের সংক্রমণ বেড়েছে। হাসপাতালে আক্রান্ত শিশুদের ভিড় বাড়ছে। এই সংক্রামক রোগ শ্বাসতন্ত্রে আক্রমণ করে এবং দ্রুত একজন থেকে অন্যজনের মধ্যে ছড়িয়ে পড়ে।

নিজ নির্বাচনী এলাকার স্বাস্থ্যসেবার অবস্থা তুলে ধরে মনোয়ার হোসেন বলেন, ২০০ শয্যার হাসপাতাল ভবন থাকলেও পুরোপুরি চালু হয়নি। হাসপাতালের দুটি লিফটই নষ্ট। নিবিড় পরিচর্যা কেন্দ্র ও ডায়ালাইসিস ইউনিট চালুর প্রস্তুতিও সম্পূর্ণ হয়নি। ফলে গুরুতর রোগীদের অন্যত্র পাঠাতে হচ্ছে।

চাঁদপুর–৫ আসনের সরকারদলীয় সংসদ সদস্য মমিনুল হক বলেন, রাষ্ট্রপতি তাঁর ভাষণে স্বৈরাচারের বিরুদ্ধে কথা বলেছেন, যা তিনি ইতিবাচকভাবে দেখছেন।

তিনি আরও বলেন, বিএনপির ১৬ বছরের আন্দোলনে নিহত ব্যক্তিদের পরিবারকে সহায়তা দেওয়া উচিত। ২০২৪ সালের শহীদ পরিবারগুলো ২৫ লাখ টাকা করে সহায়তা পেলেও আগের সময়ের নিহত নেতা-কর্মীদের পরিবার তা পায়নি। দীর্ঘদিন কারাবাস ও মিথ্যা মামলা মোকাবিলা করতে গিয়ে অনেক পরিবার আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। তাদেরও সহায়তার আওতায় আনা দরকার।

অন্যদের মধ্যে নরসিংদী–১ আসনের সংসদ সদস্য খায়রুল কবির খোকন, খুলনা–১ আসনের আমীর এজাজ খান, কুমিল্লা–২ আসনের সংসদ সদস্য মো. সেলিম ভূঁইয়া এবং গাইবান্ধা–৪ আসনের সংসদ সদস্য মোহাম্মদ শামীম কায়সার আলোচনায় অংশ নেন। এঁরা চারজনই বিএনপিদলীয় সংসদ সদস্য।

Fetching live reactions...
Was this article helpful?

Comments

Comments

Loading comments…
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন