[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

আবাসিক হোটেলে দম্পতিকে হেনস্তার অভিযোগ ছাত্রশক্তি নেতার বিরুদ্ধে

প্রকাশঃ
অ+ অ-
চট্টগ্রামের সীতাকুণ্ডের ব্যবসায়ীরা সংবাদ সম্মেলন করে ছাত্রশক্তির নেতার বিরুদ্ধে হোটেলে ঢুকে মব তৈরির অভিযোগ আনেন। শনিবার দুপুরে সীতাকুণ্ড প্রেসক্লাবে | ছবি: পদ্মা ট্রিবিউন

চট্টগ্রামের সীতাকুণ্ড পৌর সদরের একটি আবাসিক হোটেলে গিয়ে নারীসহ দুই পর্যটককে হেনস্তা, উশৃঙ্খল জনতা জড়ো করা এবং ব্যবসায়ী সমিতির সভাপতির মানহানি করার অভিযোগ উঠেছে। উপজেলা ছাত্রশক্তির আহ্বায়ক আসাদুজ্জামান আসাদসহ দুই ব্যক্তির বিরুদ্ধে এই অভিযোগ তুলেছেন সীতাকুণ্ড পৌর ব্যবসায়ী দোকান মালিক সমিতির নেতারা। শনিবার দুপুরে সীতাকুণ্ড প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে তাঁরা এই দাবি করেন।

সংবাদ সম্মেলনে ব্যবসায়ী দোকান মালিক সমিতির সাধারণ সম্পাদক মো. সাজ্জাদ হোসেন রফিক বলেন, গত ৬ এপ্রিল বিকেলে আসাদুজ্জামান আসাদের নেতৃত্বে একদল উশৃঙ্খল লোক পরিকল্পিতভাবে হোটেল সাইমন আবাসিকে হামলা চালায়। তাঁরা হোটেলের ১০৩ নম্বর কক্ষে থাকা এক দম্পতিকে নাজেহাল করেন। এমনকি হোটেলের প্রতিবন্ধী ব্যবস্থাপককেও মারধর করা হয়। খবর পেয়ে ব্যবসায়ী সমিতির নেতারা সেখানে গিয়ে প্রতিবাদ জানান। এরপর থেকেই ওই চক্রের সদস্যরা সমিতির সভাপতি নাছির উদ্দিন ভূঁইয়ার বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে মানহানিকর প্রচার চালাচ্ছেন।

মো. সাজ্জাদ হোসেন আরও অভিযোগ করেন, আসাদের বাহিনীর বিরুদ্ধে আগে সাংবাদিককে মারধর ও বিভিন্ন জায়গায় চাঁদাবাজির অভিযোগ রয়েছে।

সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, সীতাকুণ্ডে গভীর রাতে ট্রেন বা বাস থেকে নামার পর পর্যটকরা ছিনতাইয়ের শিকার হচ্ছেন। আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হওয়ায় সীতাকুণ্ড দিন দিন পর্যটকশূন্য হয়ে পড়ছে। এতে হোটেল মালিক ছাড়াও ছোট দোকানদার ও যানবাহন চালকসহ পর্যটন খাতের সাথে জড়িতরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন।

অভিযোগের বিষয়ে আসাদুজ্জামান আসাদ বলেন, তিনি বর্তমানে জাতীয় ছাত্রশক্তির উপজেলা আহ্বায়ক এবং ধর্ষণবিরোধী মঞ্চের সভাপতি। আগে তিনি বৈষম্যবিরোধী আন্দোলনের সঙ্গে ছিলেন। তাঁর দাবি, হোটেলগুলোতে অসামাজিক কাজ চলার খবর পেয়ে তাঁরা পুলিশকে জানিয়েছিলেন। কিন্তু পুলিশ আসার আগেই অনেকে পালিয়ে যায়। ৬ এপ্রিল অসামাজিক কাজের খবর পেয়ে তাঁরা পুলিশকে জানালে পুলিশ তাঁদের নজর রাখতে বলে। সে কারণেই তাঁরা ওই ব্যক্তিদের ধরার চেষ্টা করেছেন।

সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহিনুল ইসলাম বলেন, আবাসিক হোটেলে হামলার বিষয়ে মালিকপক্ষ একটি অভিযোগ দিয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। তদন্তে দোষী প্রমাণিত হলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এছাড়া পর্যটকদের ছিনতাইয়ের বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। ব্যবসায়ী সমিতির সভাপতির মানহানির বিষয়ে তিনি আদালতে মামলা করার পরামর্শ দিয়েছেন।

Fetching live reactions...
Was this article helpful?

Comments

Comments

Loading comments…
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন