অনন্ত সুরলোকে আশা ভোঁসলে
![]() |
| আশা ভোসলে | ছবি: সংগৃহীত |
প্রখ্যাত ভারতীয় সংগীতশিল্পী আশা ভোসলে মারা গেছেন। রোববার দুপুর ১২টার দিকে মুম্বাইয়ের একটি হাসপাতালে তাঁর মৃত্যু হয় বলে জানিয়েছেন তাঁর ছেলে আনন্দ ভোসলে। তাঁর বয়স হয়েছিল ৯২ বছর।
আশা ভোসলে অনেক দিন ধরে অসুস্থ ছিলেন, বিষয়টি এমন নয়। শনিবার সন্ধ্যায় হঠাৎই তাঁর অসুস্থতার খবর ছড়িয়ে পড়ে।
প্রথমে শোনা গিয়েছিল, আশা ভোসলে হৃদ্রোগে আক্রান্ত হয়েছেন। তবে পরে তাঁর নাতনি জানাই ভোসলে সামাজিক যোগাযোগমাধ্যমে স্পষ্ট করে জানান, ‘চরম ক্লান্তি এবং বুকে সংক্রমণ’-এর কারণে তাঁকে হাসপাতালে ভর্তি করানো হয়েছে।
ভারতীয় সংগীতের অন্যতম প্রভাবশালী ও বহুমুখী কণ্ঠশিল্পী হিসেবে সুপরিচিত আশা ভোসলে। আট দশকের বেশি দীর্ঘ পথচলায় তিনি ভারতের বিভিন্ন ভাষার পাশাপাশি বিদেশি ভাষায়ও হাজার হাজার গান গেয়েছেন। শাস্ত্রীয় সংগীত, লোকগান ও আধুনিক গান থেকে শুরু করে গজল—সব ধরনের গানে নিজেকে মানিয়ে নেওয়ার অসাধারণ ক্ষমতা তাঁকে অনন্য উচ্চতায় পৌঁছে দিয়েছে।
দীর্ঘ কর্মজীবনে ভারতীয় সংগীতে অসামান্য অবদানের স্বীকৃতি হিসেবে আশা ভোসলে অসংখ্য সম্মাননা পেয়েছেন। তিনি ভারতের সর্বোচ্চ চলচ্চিত্র সম্মান ‘দাদাসাহেব ফালকে পুরস্কার’ এবং ‘পদ্মবিভূষণ’ খেতাব অর্জন করেছেন। পাশাপাশি তিনি একাধিকবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার ও ফিল্মফেয়ার পুরস্কার জিতেছেন। এসব স্বীকৃতি তাঁকে ভারতীয় কণ্ঠসংগীতের ইতিহাসে অন্যতম সেরা ও সবচেয়ে সম্মানিত শিল্পী হিসেবে প্রতিষ্ঠিত করেছে।

Comments
Comments