সাংসদ হতে না পারলেও জেলা পরিষদের প্রশাসক হলেন নজরুল ইসলাম
| নজরুল ইসলাম মোল্লা | ছবি: সংগৃহীত |
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বরগুনা-১ (সদর-আমতলী-তালতলী) আসন থেকে বিএনপির প্রার্থী হিসেবে নির্বাচন করে সংসদ সদস্য হতে পারেননি বরগুনা জেলা বিএনপির আহ্বায়ক নজরুল ইসলাম মোল্লা। তবে এবার তাঁকে বরগুনা জেলা পরিষদের প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
মঙ্গলবার স্থানীয় সরকার বিভাগের এক প্রজ্ঞাপনে তাঁকে এ দায়িত্ব দেওয়া হয়। এই নিয়োগের খবরে বরগুনা পৌর শহরে আনন্দমিছিল করেছেন জেলা বিএনপির নেতা-কর্মীরা।
দলীয় সূত্র জানায়, ছাত্রজীবন থেকেই নজরুল ইসলাম মোল্লা বরগুনা জেলা বিএনপির রাজনীতির সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত। বর্তমানে তিনি জেলা বিএনপির আহ্বায়কের দায়িত্ব পালন করছেন।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনীত প্রার্থী হিসেবে বরগুনা-১ আসনে প্রতিদ্বন্দ্বিতা করেন নজরুল ইসলাম মোল্লা। ওই নির্বাচনে তিনি ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী অলি উল্লাহর কাছে অল্প ভোটের ব্যবধানে হেরে যান। নির্বাচনের প্রায় দুই মাস পর তাঁকে জেলা পরিষদের প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হলো।
এ খবরে উচ্ছ্বাস প্রকাশ করে বরগুনা জেলা বিএনপির সদস্যসচিব হুমায়ূন হাসান বলেন, ‘নজরুল ইসলাম মোল্লাকে জেলা পরিষদের প্রশাসকের দায়িত্ব দেওয়ায় আমরা আনন্দিত। কারণ, জাতীয় নির্বাচনে আমরা খুব অল্প ভোটের ব্যবধানে হেরেছিলাম।’
জেলা পরিষদের প্রশাসক হিসেবে দায়িত্ব পাওয়ার পর ফেসবুকে এক পোস্টে নজরুল ইসলাম মোল্লা লিখেছেন, ‘বরগুনা-1 আসনের জাতীয় সংসদ নির্বাচনে অল্প ভোটের ব্যবধানে জয়ী হতে না পারলেও আপনাদের আন্তরিকতা, ত্যাগ ও পরিশ্রম আমার জীবনের এক অমূল্য সম্পদ হয়ে থাকবে। আপনাদের ভালোবাসা ও আস্থা আমাকে আগামীর পথে আরও দৃঢ়ভাবে এগিয়ে যেতে অনুপ্রাণিত করবে।’
Comments
Comments