গাজীপুর সুজন নেতার হত্যাকাণ্ডের বিচার ও জড়িতদের শাস্তির দাবি
![]() |
| সুজনের লোগো |
গাজীপুর জেলা সুশাসনের জন্য নাগরিক (সুজন)–এর সহসভাপতি মো. কামরুজ্জামান মোল্লা (৬৫) হত্যাকাণ্ডের বিচার ও জড়িত ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে সংগঠনটি। শুক্রবার সকালে সুজনের ভারপ্রাপ্ত সভাপতি বিচারপতি এম এ মতিন ও সম্পাদক বদিউল আলম মজুমদার এক বিবৃতিতে এই দাবি জানান।
বিবৃতিতে গাজীপুর জেলা শাখার সহসভাপতি ও বিশিষ্ট সমাজসেবী মো. কামরুজ্জামান মোল্লার হত্যাকাণ্ডে গভীর উদ্বেগ ও শোক প্রকাশ করেছে সুজন। একই সঙ্গে এই খুনের সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় এনে কঠোর শাস্তি নিশ্চিত করার দাবি জানানো হয়েছে। নিহত কামরুজ্জামান মোল্লা নগরের ৫০ নম্বর ওয়ার্ডের বাসিন্দা ছিলেন। সুজনের জেলা কমিটির সহসভাপতির পাশাপাশি তিনি ঠিকাদারি ব্যবসার সঙ্গেও যুক্ত ছিলেন।
সুজনের বিবৃতিতে বলা হয়, গত বুধবার রাতে গাজীপুর মহানগরীর পূর্ব ধীরাশ্রম এলাকা থেকে কামরুজ্জামান মোল্লার হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার করে পুলিশ। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তাঁকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে। সুজন নেতারা বলেন, কামরুজ্জামান মোল্লা দীর্ঘদিন ধরে সমাজসেবামূলক কাজের সঙ্গে যুক্ত ছিলেন। তাঁর এই মৃত্যুতে সংগঠনের নেতা-কর্মী ও স্থানীয়দের মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে। বিবৃতিতে এই হত্যাকাণ্ডের তীব্র প্রতিবাদ জানিয়ে বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করতে প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি আহ্বান জানানো হয়েছে।
গাজীপুর সদর থানার উপপরিদর্শক (এসআই) মিজানুর রহমান বলেন, ‘আমরা তদন্ত চালিয়ে যাচ্ছি। এরই মধ্যে কিছু আলামত পাওয়া গেছে। আশা করছি, দ্রুতই জড়িতদের গ্রেপ্তার করা সম্ভব হবে।’

Comments
Comments