[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

রাজশাহীতে মোটরসাইকেল কেনাবেচা নিয়ে জামায়াতের দুই পক্ষে সংঘর্ষ

প্রকাশঃ
অ+ অ-
রাজশাহীতে জামায়াতের নেতা–কর্মীদের মধ্যে সংঘর্ষের সময় একটি মোটরসাইকেল ভাঙচুর করা হয়। বুধবার রাতে নগরের হেতেমখাঁ জাদুঘর মোড়ে | ছবি: পদ্মা ট্রিবিউন 

রাজশাহীতে মোটরসাইকেল কেনাবেচা নিয়ে জামায়াতের এক নেতা ও তাঁর সমর্থকদের সঙ্গে দলের আরেক কর্মী ও তাঁর সমর্থকদের সংঘর্ষ হয়েছে। বুধবার রাত পৌনে আটটার দিকে নগরের হেতেমখাঁ জাদুঘর মোড়ে এ ঘটনা ঘটে।

এক পক্ষের অভিযোগ, চাঁদা না দেওয়ায় ক্ষিপ্ত হয়ে তাদের ওপর হামলা করা হয়েছে। তবে এ ঘটনায় রাজশাহী মহানগর জামায়াত এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, এখানে চাঁদাবাজির কোনো ঘটনা নেই। মোটরসাইকেল কেনাবেচা নিয়ে টাকা লেনদেনের বিরোধ থেকেই এই ঘটনা ঘটেছে।

স্থানীয়রা জানায়, জামায়াতকর্মী মমিনুল ইসলাম (মোনা) ও ৯ নম্বর ওয়ার্ড জামায়াতের সাধারণ সম্পাদক রাশেদুল হাসান (পারভেজ)–এর মধ্যে মোটরসাইকেল কেনাবেচা নিয়ে প্রথমে কথা-কাটাকাটি শুরু হয়। পরে তাঁদের সমর্থকেরাও এতে জড়িয়ে পড়েন। একপর্যায়ে দুই পক্ষের মধ্যে হাতাহাতি ও ইটপাটকেল ছোড়াছুড়ি হয়। এতে একটি মোটরসাইকেল ভাঙচুর করা হয়। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। উভয় পক্ষের কয়েকজন আহত হন।

মমিনুল ইসলাম দাবি করেন, তাঁর মোটরসাইকেলের টাকা দিচ্ছিলেন না রাশেদুল হাসান। টাকা চাইতে গেলে তাঁদের ওপর হামলা করা হয়। তিনি আরও অভিযোগ করেন, রাশেদুল এলাকায় চাঁদাবাজি করেন এবং চাঁদা না দেওয়ায় আগে থেকেই ক্ষিপ্ত ছিলেন।

অন্যদিকে সকালে দেওয়া জামায়াতের রাজশাহী মহানগর কমিটির বিবৃতিতে বলা হয়েছে, সামাজিক যোগাযোগমাধ্যমে ঘটনাটি ভিন্নভাবে উপস্থাপন করা হয়েছে। এখানে চাঁদাবাজির কোনো ঘটনা নেই। দুই কর্মীর মধ্যে মোটরসাইকেল কেনাবেচার টাকা লেনদেন নিয়ে দ্বন্দ্বের জেরেই এ ঘটনা ঘটেছে।

বিবৃতিতে আরও বলা হয়, জামায়াতে ইসলামীর কেউ চাঁদাবাজি করে না এবং কাউকে চাঁদাবাজি করতে দেওয়া হবে না। চাঁদাবাজির বিরুদ্ধে দলটি সব সময় কঠোর অবস্থানে রয়েছে।

রাজশাহী মেট্রোপলিটন পুলিশের উপকমিশনার (মিডিয়া) গাজিউর রহমান জানান, মোটরসাইকেল কেনাবেচা নিয়ে দুই পক্ষের মধ্যে উত্তেজনা তৈরি হয়েছিল। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

Fetching live reactions...
Was this article helpful?

Comments

Comments

Loading comments…
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন